West Bengal

3 years ago

WB Panchayat Election : এত পুলিশ ও কর্মী কোথায়, এক দফায় পঞ্চায়েত ভোট নিয়ে ধন্দ

Panchayat Election
Panchayat Election

 

কলকাতা, ৩ এপ্রিল : পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় অনেকে। রাজ্য চায়, ভোট এক দিনেই হোক। সেই পথে হাঁটতে আগ্রহী রাজ্য নির্বাচন কমিশনও। কিন্তু বাধ সাধছে পর্যাপ্ত পুলিশ ও প্রশাসনিক কর্মী নিয়ে।

শোনা যাচ্ছিল আগামী ৭ মে রাজ্যে এক দফাতেই পঞ্চায়েত নির্বাচন হতে পারে। নিয়মানুযায়ী রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে তবেই এই বিষয়ে দিনক্ষন ঘোষণা করবেন। যেহেতু রাজ্য সরকার চাইছে ১ দফায় সেই ভোট হোক, তাই রাজ্য নির্বাচন কমিশনও এক দফাতেই পঞ্চায়েত নির্বাচন করানোর প্রস্তুতি নিচ্ছে। সেই ভোট মে মাসে হবে বলেই কমিশন সূত্রে জানা গিয়েছে। কিন্তু কমিশনের কর্তাদের চিন্তা এক দফায় নির্বিঘ্নের ভোট করতে যে বিপুল পুলিশ বাহিনীর প্রয়োজন আছে তা আসবে কোথা থেকে?

কমিশন সূত্রে খবর, ১ দিনে ভোট করাতে হলে প্রায় সাড়ে ৩ লক্ষ ভোটকর্মীর প্রয়োজন। তার তালিকা অনলাইনে মোটামুটি তৈরি করে ফেলেছেন জেলাশাসকরা। এক্ষেত্রেও চিন্তা থাকছে মহার্ঘ্য ভাতার দাবিতে আন্দোলন করা সরকারি কর্মীদের ঠিক কতখানি এই নির্বাচনের জন্য পাওয়া যাবে। এর পাশাপাশি মূল ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে পুলিশের উপস্থিতি।

গত পঞ্চায়েত ভোট রাজ্যে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ছিল ৪৮ হাজার ৬৫০। এবারে সেই ভোটগ্রহণ কেন্দ্র বেড়ে হচ্ছে ৬৩ হাজার ৩৩৯টি। প্রতি কেন্দ্রের প্রতিটি বুথে যদি ২জন করেও পুলিশকর্মী দেওয়া হয় তাহলে সেখানেই মোট ১ লক্ষ ২৬ হাজার ৬৭৮ জন পুলিশকর্মীর প্রয়োজন। এই সংখ্যাটাই এখন চিন্তার কারণ হয়ে উঠেছে।

You might also like!