
পুরুলিয়া, ১২ জুলাই : সরকারি নথি বা রেকর্ডে কারচুপি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হল পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি তথা তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়কে। শনিবার গভীর রাতে পুঞ্চা থানার লাখরা গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। একই অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁর ভাইপো তথা পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায় ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চরণপাহাড়ি দাসকে।
এলাকার কয়েক জন বাসিন্দার অভিযোগের ভিত্তিতে পুলিশের এই পদক্ষেপ। নথি কারচুপি-সহ সরকারি দায়িত্বে থেকে বিশ্বাসভঙ্গ ও একাধিক জন মিলে অপরাধমূলক ষড়যন্ত্রে যুক্ত থাকারও অভিযোগ তোলা হয়েছে। রবিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। আদালত চত্বরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুজয়ের দাবি, কেন গ্রেফতার করা হয়েছে, তা তিনি জানেন না।
