West Bengal

2 years ago

Tarapith Mandir:গর্ভগৃহের ভিতরে সংস্কার কাজ চলবে, তারা মায়ের মূর্তি গেল অন্য মন্দিরে

Tarapith Mandir
Tarapith Mandir

 

রামপুরহাট, ২১ আগস্ট  : তারাপীঠের মায়ের মন্দিরের গর্ভগৃহের ভিতরে সংস্কার কাজ চলবে। তাই সোমবার থেকে মা তারাকে মূল গর্ভগৃহে পুজো করা যাবে না। মন্দিরের পাশে চন্দ্রচূড় ভৈরব মন্দিরে মা তারাকে অধিষ্ঠিত করে পুজো করা হবে।

এদিন চন্দ্রচূড় ভৈরব মন্দিরে মা তারাকে অধিষ্ঠিত করে মঙ্গলারতি করা হবে। সেখানেই পুণ্যার্থীরা পুজো দিতে পারবেন। পরপর পাঁচদিন সেখানেই মা তারা অধিষ্ঠিত থাকবেন। শুক্রবার অর্থাৎ ২৫ অগাস্ট সন্ধ্যায় ফের মা তারাকে মূল মন্দিরের গর্ভগৃহে ফিরিয়ে আনা হবে।মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, ‘করোনা মহামারির কারণে বিগত কয়েক বছর মন্দিরের ভিতরের অংশ সংস্কার করা হয়নি। সামনেই কৌশিকী অমাবস্যা। সেই তিথিতে তারাপীঠে প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়। তার আগে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে যেসব পুণ্যার্থীরা তারাপীঠে আসবেন তাঁদের পুজো দিতে যাতে কোনও অসুবিধা না হয় সে কথা মাথায় রেখে চন্দ্রচূড় ভৈরব মন্দিরে মা তারাকে অধিষ্ঠিত করে পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’ প্রসঙ্গত, প্রতিদিন প্রচুর ভক্ত সমাগম হয় মন্দিরে। নিত্য পুজোপাঠ ছাড়াও শনি, মঙ্গলবার এবং বিশেষ দিনগুলিতে বিশেষ পুজোঅর্চনা হয়ে থাকে এখানে।

You might also like!