
কলকাতা, ৭ জুন : রাজ্যজুড়ে আবহাওয়ার মেজাজ খামখেয়ালি। কোথাও তীব্র গরমের পর একপশলা স্বস্তির বৃষ্টি, আবার কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টা ৪০-৫০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। কলকাতা-সহ রাজ্যের বাকি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে সোম ও মঙ্গলবারও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে।আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে।
দক্ষিণবঙ্গে যখন দফায় দফায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, তখন উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়েও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড় এবং সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
