West Bengal

1 hour ago

Mamata Banerjee : কাজ ও মানুষের সংযোগেই ফের শক্তি সঞ্চয়ের ডাক মমতার, ‘দল আবার ফিরবে’

Mamata Banerjee
Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:রাজ্যে বিজেপির ডবল ইঞ্জিন সরকার এবং জেলা পরিষদে তৃণমূলের ক্ষমতা ঘিরে উন্নয়ন প্রকল্পের অর্থ বরাদ্দে জটিলতার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি নির্বাচিত জেলা পরিষদ বোর্ড ভেঙে দেওয়া হতে পারে বলেও রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। তবে সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে দলীয় কর্মীদের আশ্বস্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বক্তব্য, কোনও সরকারই জোর করে নির্বাচিত জেলা পরিষদ বোর্ড ভেঙে দিতে পারে না।

কালীঘাটের কার্যালয়ে দলের জেলা পরিষদের নেতৃত্বকে বৈঠকে ডেকেছিলেন তৃণমূলনেত্রী। ২০২৮ সালে পঞ্চায়েত ভোট। সে কথা মনে করিয়ে বৈঠকে মমতার স্পষ্ট বার্তা, ‘এই সময়ের মধ্যে ভাল করে কাজ করে মানুষের আস্থা অর্জন করতে হবে। কোথাও কোনও কাজে ফাঁক রাখা যাবে না। দল আবার ঘুরে দাঁড়াবে। মানুষের আস্থা অর্জন করে তৃণমূল আবার ক্ষমতায় আসবে।’

রাজ্যের ২০টি জেলা পরিষদই তৃণমূলের দখলে। তাদের মধ্যে মূলত দক্ষিণবঙ্গের জেলা পরিষদের নেতৃত্বকে এদিন কালীঘাটের বাড়ির বৈঠকে ডেকেছিলেন মমতা। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের প্রত্যেকের সামনে তৃণমূলনেত্রী বিগত দিনের লড়াই, ২০২৬-এর লড়াইয়ের কথা তুলে ধরতে গিয়ে নিজের দৃষ্টান্ত দেন। হাতের চোট দেখিয়ে বলেন, ‘বাম আমলে আমি অনেক মার খেয়েছি। গণনার দিনও মারা হয়েছে আমাকে। আমি হেরেছি। কিন্তু তার পরও আমি ভেঙে পড়িনি। তাহলে আপনারা কেন ভেঙে পড়ছেন?’ এর মধ্যে জেলায় বিজেপি তাদের পার্টি অফিস ভাঙচুর, কর্মীদের ভয় দেখিয়ে ঘরছাড়া করার অভিযোগ তুলেছে তৃণমূল।

মমতা বলেন, ‘যেখানে যেখানে ভাঙচুর হয়েছে, দলের কর্মীরা ঘরছাড়া, সেখানে যান, মানুষের পাশে দাঁড়ান। পার্টি অফিস নতুন করে করুন, আমি নিজে দু-এক জায়গায় যাব, পার্টি অফিস রং করব।’ তবে সব আলোচনার মধ্যেই ঘুরেফিরে এসেছে জেলা পরিষদ ভেঙে দেওয়া নিয়ে আশঙ্কার প্রসঙ্গ। কারণ কেন্দ্র বা রাজ‌্য সরকারের সঙ্গে সম্পর্ক রেখে জেলা পরিষদের মাধ‌্যমে যে কাজগুলি হয় তাদের মধ্যে অন‌্যতম সড়ক, বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ, আবাস, ১০০ দিনের কাজের মতো প্রকল্প। সড়ক নির্মাণের ক্ষেত্রে অনেক কাজই তৃণমূলের দখলে থাকা জেলা পরিষদগুলি থেকে হয়েছে বলে দাবি করেছিল তারা। মমতা বলে দেন, এর পরেও কোথাও কোনওরকম কাজ বাকি থেকে গিয়েছে কিনা তা খতিয়ে দেখে মানুষের সঙ্গে মিশে তঁাদের অভাব-অভিযোগ দেখে উন্নত পরিষেবা দিতে হবে। পরের নির্বাচনের আগে মানুষের আস্থা অর্জন করতে হবে।

অভিষেকও বিগত দিনে মমতার লড়াই এবং লোকসভায় একটি আসন থেকে এক সময় ৩৪ আসনে জয়, এমনকী, বিধানসভায় ৩৫ আসন থেকে ২০০-র বেশি আসন নিয়ে সরকার গড়ার দৃষ্টান্ত তুলে ধরেন। সঙ্গে মমতা এও বলেছেন কর্মীদের মামলার হাত থেকে বাঁচাতে দলের তরফে আইনি সহযোগিতা করবেন চন্দ্রিমা ভট্টাচার্য। তবে এদিনও দল বদলের প্রসঙ্গ এসেছে মমতার কথায়। অনেকেই তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে উল্লেখ করে মমতা বলেন, ‘অনেকেই দল বদলের কথা ভাবচেন। যঁাদের তেমন ইচ্ছে রয়েছে দল ছেড়ে বেরিয়ে যেতে পারেন।’


You might also like!