
কলকাতা, ৭ জুন : অভিশপ্ত দিনের কথা কেউ ভুলতে পারবেনা। ভয়াবহ স্মৃতিকে সঙ্গী করেই বুধবার থেকে শালিমার থেকে চেন্নাইয়ের উদ্দেশে ছুটবে করমণ্ডল এক্সপ্রেস। বুধবার বিকেল সওয়া ৩টে নাগাদ আবারও শালিমার থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেবে করমণ্ডল এক্সপ্রেস।
দেশবাসীর মনে এখন টাটকা শুক্রবারের দুর্ঘটনা। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, আগের পথেই চলবে করমণ্ডল এক্সপ্রেস। বাহানগা বাজার স্টেশনের উপর দিয়েও যাবে। গত শুক্রবার এই বাহানগা স্টেশনের কাছেই দুর্ঘটনার কবলে পড়ে আপ করমণ্ডল এক্সপ্রেস। দুর্ঘটনার পর লাইন ও বৈদ্যুতিক তার ছিঁড়ে গিয়েছিল। রেলের তরফে যুদ্ধকালীন তৎপরতায় সারানো হয়েছে লাইনের যাবতীয় কাজ। তারপর সেই লাইন দিয়ে মালগাড়ি চালিয়েছে রেল। রবিবার রাত ১০টা ৪০ মিনিটে ডাউন লাইনে সেই মালগাড়ি চলে। সোমবার সকালে ওই লাইন দিয়ে ছুটেছে বন্দে ভারত।
