
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:রাজ্যের সমস্ত সরকারি স্কুলে প্রার্থনা সঙ্গীত হিসেবে ‘বন্দেমাতরম’ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী সোমবার থেকেই এই নিয়ম চালু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের তরফে বিভিন্ন স্কুলে নির্দেশিকা পৌঁছতে শুরু করেছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
রাজ্যের স্কুলগুলিতে বর্তমানে গরমের ছুটি চলছে। যদিও পরিস্থিতির কথা মাথায় রেখে ছুটি বাড়ানো হয়েছে। গরমের ছুটি বাড়িয়ে করা হয়েছে ৩১ মে পর্যন্ত। এরমধ্যেই একাধিক জেলায় ডিআই অর্থাৎ স্কুল পরিদর্শক এবং অন্যান্য আধিকারিকদের মোবাইল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে বন্দেমাতরম গান নিয়ে একটি মেসেজ পাঠানো হয়। শিক্ষাদপ্তর থেকে ওই মেসেজ পাঠানো হয় বলে খবর। এই প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলার স্কুল পরিদর্শক (প্রাথমিক) লক্ষ্মনা গোলে বলেন, ”ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে বিষয়টি কার্যকর করার নির্দেশ দিয়েছেন।” ওই আধিকারিকের কথায়, এরপরেই ওই নির্দেশিকা বিভিন্ন স্কুল শিক্ষকদের গ্রুপে পাঠানো হয়েছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত লিখিত অর্ডার হাতে আসবে। এরপরেই সমস্ত স্কুলগুলিতে তা পাঠিয়ে দেওয়া হবে।
শিক্ষাদপ্তরের এহেন ঘোষণায় খুশি শিক্ষকদের সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ (এবিআরএসএম)। সংগঠনের তরফে অসীম দাস বলেন, ”সাম্প্রদায়িকতার নামে আমাদের এই রাষ্ট্রগীত এত দিন স্কুলে বন্ধ করে রাখা হয়েছিল। এই গীত আমাদের সংস্কৃতির ধারক এহং বাহক। আমরা হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছি। এই অবস্থায় স্কুলে স্কুলে এই গীত চালু করা অত্যন্ত ভালো উদ্যোগ। আমরা এই কাজের জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।” অন্যদিকে বঙ্গ বিজেপির রাজ্যসভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ”বিকৃত ইতিহাসকে বদলের এটাই সঠিক সময়।” এহেন পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিজেপি নেতা জানান, কেন্দ্রের তরফে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তৎকালীন সরকার তা কার্যকর করতে দেয়নি। এখন সঠিক তথ্য তুলে ধরা হবে। এমনকী পশ্চিমবঙ্গ দিবস নিয়েও বার্তা দেন রাজ্য সভাপতি।
