West Bengal

1 hour ago

Kajal Sheikh: ডিম হামলা থেকে ‘চোর’ স্লোগান, ঋতব্রতপন্থী কাজল শেখকে ঘিরে ফের সরগরম রাজ্য রাজনীতি

Eggs hurled at Kajal Sheikh
Eggs hurled at Kajal Sheikh

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হল। অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। যদিও সরাসরি কাজল শেখকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি, তবে তাঁর গাড়ি ডিমে ভরে যায়। ঘটনার সময় হাসনের বিধায়ক কাজল শেখের পাশাপাশি নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝিও ছিলেন বলে জানা গিয়েছে। এই ঘটনার পিছনে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের হাত রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। হামলাকারীদের ‘সমাজবিরোধী’ আখ্যা দিয়ে কাজল শেখ বলেন, ‘‘এটা বাংলার কৃষ্টি-কালচার নয়। পুলিশের কাছে অনুরোধ, যারা এমনটা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।” 

আজ অর্থাৎ ২৭ জুলাই নানুর দিবস। ২০০০ সালের এই দিনে নানুরের সূচপুর গ্রামে তৃণমূল কংগ্রেসর সমর্থক ১১ জন খেতমজুর খুন হন। তৎকালীন বাম সরকারকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়। প্রতি বছরই এই অভিশপ্ত দিনটিকে নানুর দিবস হিসেবে পালন করে থাকে ঘাসফুল শিবির। বাসাপাড়ায় ১১জন শহিদের নামে তৈরি বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। নানুর, হাসনের বিধায়ক ও স্থানীয় তৃণমূলের নেতৃবৃন্দ ওই শহিদ বেদিতে শ্রদ্ধা জানাতে যান। অভিযোগ, সেসময় কাজল শেখ ও বিধানচন্দ্র মাঝির গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ে বিজেপি কর্মী, সমর্থকরা। ওঠে ‘চোর’ স্লোগানও। যদিও ডিম বিধায়কদের গায়ে লাগেনি, তাঁরা সেসময় মঞ্চে পৌঁছে গিয়েছিলেন। তবে কাজল শেখের গাড়িটি ডিমে মাখামাখি হয়ে গিয়েছে। 

এনিয়ে কাজল শেখ বলেন, ‘‘আমি এখানকার জনপ্রতিনিধি। তা হওয়ার আগেও বরাবর নানুর দিবসে এখানে এসে শহিদদের শ্রদ্ধা জানাই। আজও এসেছি। তবে আমি এখানে পৌঁছনোর পর আমার গাড়ি লক্ষ্য করে কতিপয় সমাজবিরোধী ডিম ছুড়েছে। পুলিশকে অনেক ধন্যবাদ যে পরিস্থিতি খুব ভালোভাবে সামলেছে। যারা এই কাজ করেছে, তাদের আমি বলতে চাই, এটা বাংলার কৃষ্টি-কালচার নয়। তাদের কঠোরতম শাস্তি হবে, পুলিশের কাছে সেই দাবি জানাই।” কে বা কারা এই হামলা চালাল, সে বিষয়ে এখনও পুলিশ কোনও মন্তব্য করতে চাননি। 

You might also like!