
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ২১ জুলাইয়ের কর্মসূচিতে যোগ দিতে রওনা হওয়ার আগেই গ্রেপ্তার করা হল চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা মমতা তৃণমূলের সভাপতি অসিত মজুমদারকে। তাঁকে থানায় নিয়ে যাওয়ার পর আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে ঠিক কোন অভিযোগে এই পদক্ষেপ, তা এখনও স্পষ্ট করেনি পুলিশ। সূত্রের খবর, মঙ্গলবার সকালে হুগলি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে প্রস্তুতি নিচ্ছিলেন অসিত মজুমদার। সেই সময় তাঁর বাড়িতে পৌঁছয় পুলিশ। সেখান থেকেই তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ ও আটকে রাখার পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ। যদিও গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ এখনও প্রকাশ্যে আসেনি।
উল্লেখ্য, গত ৩০ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার অভিযোগে প্রতিবাদে চুঁচুড়ায় রাস্তা অবরোধ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার ও দলের কর্মীরা। সেই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বে ছিলেন অসিত। পুলিশ ওই বিক্ষোভ তুলতে ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু পুলিশকে কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। পুলিশকে ধাক্কা দেওয়ার অভিযোগও ওঠে! ওই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে চুঁচুড়া থানার পুলিশ। অসিত মজুমদার-সহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। অসিত মজুমদার, চুঁচুড়ার ভাইস চেয়ারম্যান পার্থ সাহা ও তৃণমূল নেতা মির্জা সানোয়ারকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর জামিন পান। কিন্তু ফের ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় অসিতকে। পরে জামিন পান। এবার ফের গ্রেপ্তার হলেন অসিত মজুমদার।
