
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর জেলা আদালত। একটি মামলায় নির্ধারিত সময়ে আদালতে হাজিরা না দেওয়ার কারণেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। ফলে নতুন করে আইনি জটিলতায় পড়লেন তৃণমূল সাংসদ। আদালতের এই নির্দেশের পর মহুয়া মৈত্রের বিরুদ্ধে চলা মামলাটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। হাজিরা না দেওয়ার কারণেই কেন তাঁর বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ করা হল, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।
মহুয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন ঘূর্ণির কয়েকজন মহিলা। তাঁদের দাবি ছিল, মহুয়ার একের পর এক আপত্তিজনক মন্তব্য করে গিয়েছেন। সেই মামলাটি ওঠে কৃষ্ণনগর জেলা আদালতে। কয়েকবার শুনানির পর মহুয়াকে এ দিন বুধবার সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দেয় নিম্ন আদালত। কিন্তু মহুয়া এ দিন আদালতে হাজিরা দেননি।
আইনজীবী মারফত সাংসদ জানান, তিনি আসতে পারবেন না। আদালত এ দিন বিকেল ৫টা পর্যন্ত হাজিরা দেওয়ার সময় দেন। মহুয়ার আইনজীবী তারপরও জানান সাংসদ এদিন আসতে পারবেন না। এরপরই নিম্ন আদালত মহুয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মহুয়ার বিরুদ্ধে পরোয়ানা জারির খবর জানার পর শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, “এদের অনেক দম্ভ। কোথায় কী বলতে হয় কোনও ধারণা নেই। কিছু না করে পদ পেয়ে গেলে, যা হয়। আদালত যা মনে করেছে সেই নির্দেশ দিয়েছে।”
