হাওড়া, ১০ ফেব্রুয়ারি : হাওড়ার আমতা থানার অন্তর্গত নতুন রাস্তা মোড় সংলগ্ন এলাকায় মঙ্গলবার ভোররাতের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আগুনে চারটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে একটি কাঠের গুদামে আগুন লাগে। সেখানে কাঠ চেরাইয়ের কাজ চলত এবং প্রচুর কাঠের গুড়ো মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতে। একটি ইলেকট্রনিক্সের দোকান সহ আরও অন্তত দুটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। দমকলের চারটি ইঞ্জিন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভোর সাড়ে তিনটা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে।
