Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

Life Style News

1 month ago

Best Garden Plants Guide: একবার লাগালেই বারোমাস ফুলে ভরে থাকবে বাগান! কম যত্নেই দারুণ ফুটবে এই ৬ গাছ

low Maintenance Flowering Plants
low Maintenance Flowering Plants

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ছোট্ট একটা রঙিন বাগানের স্বপ্ন প্রায় সকলেরই থাকে। তবে ইচ্ছা থাকলেও সময়ের অভাবে অনেকেই গাছের নিয়মিত পরিচর্যা করতে পারেন না। অফিস, সংসার আর ব্যস্ততার ফাঁকে প্রতিদিন জল দেওয়া, সার দেওয়া বা অতিরিক্ত যত্ন নেওয়া অনেকের পক্ষেই সম্ভব হয় না। তাই এখন এমন গাছের চাহিদাই বেশি, যেগুলি খুব কম পরিচর্যাতেই সারা বছর বাগানকে রঙিন ও প্রাণবন্ত করে রাখে। আপনিও যদি চান, ঋতু বদলালেও আপনার বাগানে ফুলের বাহার লেগেই থাকুক, তাহলে বেছে নিতে পারেন এমন কিছু বারোমাসি গাছ। একবার লাগালেই বছরের অধিকাংশ সময় জুড়ে এরা ফুলে ভরে রাখবে আপনার ছাদ, বারান্দা কিংবা বাগান।

∆ কোন গাছগুলি রাখবেন বাগানে?

১. জবা— বাঙালির বারান্দা কিংবা ছাদবাগান, জবা ছাড়া যেন সবটাই অসম্পূর্ণ। লাল, হলুদ, গোলাপি কিংবা সাদা— জবার রঙের শেষ নেই। প্রবল শীতে ফুল কিছুটা কম হয়। যদিও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কড়া শীত বলতে তেমন কিছুই নেই। তাই জবা ফোটে বছরভর।

* যত্নআত্তি:  এই গাছের চাই ভরপুর রোদ। আলো-হাওয়া পেলে জবা গাছ হাসিখুশি থাকে।

* সতর্কতা:  গাছে নিয়মিত জল দিন। তবে খেয়াল রাখবেন, টবের গোড়ায় যেন জল জমে না থাকে।

২. মধুমালতী— বাড়ির সদর দরজা বা বারান্দার গ্রিল বেয়ে লতিয়ে উঠতে দেখা যায় মধুমালতীকে। এতে আপনার গৃহকোণের রূপই বদলে যাবে। থোকায় থোকায় সাদা-গোলাপি ফুলের মেলা আর তার মিষ্টি সুবাসে চারপাশ মজে থাকে সবসময়।

* যত্নআত্তি: দিনে অন্তত ৬ ঘণ্টা কড়া রোদ এই গাছের ভীষণ প্রিয়। রোদ-জল-ঝড় অনায়াসে সহ্য করে নেয় এই লতানো গাছ।

* সতর্কতা: মাটিতে যেন আর্দ্রতা থাকে। জল কম পেলে কিন্তু মধুমালতীর বাড়বাড়ন্ত থমকে যাবে।

৩. বোগেনভেলিয়া— কাগজ ফুল বা বোগেনভেলিয়া চেনে না এমন মানুষ বিরল। লাল, গোলাপি, হলুদ, কমলার এমন রঙের বিস্ফোরণ আর কোনও গাছে দেখা যায় না। একবার ডালপালা মেলে দিলে এই গাছ পুরো বাগান আলো করে রাখে।

* যত্নআত্তি: বোগেনভেলিয়া যত কড়া রোদ পাবে, তত বেশি ফুল ফোটাবে। ৬ থেকে ৮ ঘণ্টা রোদ এর জন্য আদর্শ।

* সতর্কতা: মাটি হালকা ভিজে থাকবে, কিন্তু জল জমলেই বিপদ। বেশি জল দিলে ফুল কমে পাতা গজাবে বেশি।

৪. টগর— একদম কম খরচে এবং বিনা পরিশ্রমে যদি সারা বছর ফুল পেতে চান, তবে টগর আপনার প্রথম পছন্দ হওয়া উচিত। ধবধবে সাদা থোকা থোকা টগর বাগানকে এক শান্ত, স্নিগ্ধ রূপ দেয়।

* যত্নআত্তি: সপ্তাহে মাত্র দু-একদিন জল দিলেই এই গাছ দিব্যি বেঁচে থাকে। বেশি ফুলের জন্য মাঝেসাঝে একটু জৈব সার দিতে পারেন।

* সতর্কতা: একেও এমন জায়গায় রাখুন যেখানে দিনে অন্তত ৬-৮ ঘণ্টা সূর্যের আলো পৌঁছায়।

৫. কসমস— সাদা, হলুদ, বেগনি রঙের কসমস দেখতে ভারী চমৎকার। গরমের দিনে এই গাছের বৃদ্ধি হয় দেখার মতো। সাধারণ দোঁআশ মাটি আর সামান্য জৈব সার পেলেই এরা খুশি।

* যত্নআত্তি: কসমসের বীজ মাটিতে পড়লে এমনিই নতুন চারা গজিয়ে যায়। বিশেষ কোনও দেখভালের প্রয়োজনই পড়ে না।

* সতর্কতা: গাছ যখন বড় হতে শুরু করবে, তখন মাঝেমধ্যে একটু খোল জল বা জৈব সার দিলে ফুলের সংখ্যা এক ধাক্কায় অনেক বেড়ে যাবে।

৬. অপরাজিতা— বারোমাসি ফুলের তালিকায় নীল-টোনা বা অপরাজিতার নাম না নিলেই নয়। লতানো এই গাছটি ঘরের সামান্য কোণেই লতিয়ে ওঠে। নীল কিংবা সাদা রঙের এই ফুল সারা বছরই আপনার বাগানের শোভা বাড়িয়ে চলবে।

* যত্নআত্তি: হালকা রোদ পেলেই অপরাজিতা তরতরিয়ে বেড়ে ওঠে।

* সতর্কতা: নিয়মিত গাছের ডাল ছাঁটাই বা প্রুনিং করুন। এতে গাছটি ঝাঁকড়া হবে এবং ফুলের সংখ্যাও বাড়বে।

You might also like!