
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দাবদাহে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। এই সময় শরীরকে চাঙ্গা রাখতে অনেকেরই প্রথম পছন্দ লেবু। কখনও ঠান্ডা লেবুর শরবত, কখনও স্যালাডে টক স্বাদ, আবার কখনও ডাল-ভাতে একফোঁটা লেবুর রস— গরমের দিনে লেবু যেন স্বস্তির আরেক নাম। কিন্তু সমস্যা হয় তখনই, যখন বাজার থেকে একসঙ্গে বেশি লেবু কিনে আনলে কয়েক দিনের মধ্যেই তা শুকিয়ে শক্ত হয়ে যায়। রসও অনেকটাই কমে যায়। ফলে প্রয়োজনের সময় কাটলেও ঠিকমতো রস বেরোতে চায় না। তবে চিন্তার কারণ নেই। বিশেষজ্ঞদের মতে, কয়েকটি সহজ পদ্ধতি মেনে চললেই অনেক দিন পর্যন্ত লেবুকে টাটকা ও রসালো রাখা সম্ভব।
∆ কীভাবে দীর্ঘদিন ভালো রাখবেন লেবু?
১. জলের পাশে: ফ্রিজে রাখার সময়ে এক বাটি জলের মধ্যে লেবু রেখে দেবেন। তাতে শুষ্ক হতে সময় নেবে লেবু। ফ্রিজের ভিতরে ফল ও শাকসব্জির ঝাঁপিতে রাখলে বরং দ্রুত শুকিয়ে যায়। কিন্তু পাত্রে জল ভরে তার মধ্যে ডুবিয়ে ফ্রিজে রাখলে লেবুর ভিতরের আর্দ্রতা বেশি সময় ধরে বজায় থাকে বলে মনে করেন অনেকে।
২. তেল মাখিয়ে: অল্প একটু নারকেল তেল মাখিয়ে নিতে হবে লেবুর গায়ে। তার পর ফ্রিজে রাখলে রস শুকিয়ে যাওয়ার গতি শ্লথ হয়ে যায়। তেলের পাতলা আস্তরণ বাইরের বাতাসের সংস্পর্শ কিছুটা কমিয়ে দেয় বলে মনে করা হয়।
৩. ঢাকা দিয়ে: এক বার লেবু কেটে ফেললে তা দ্রুত শুকিয়ে যায়। কাটা লেবু কখনও আঢাকা অবস্থায় ফ্রিজে রাখবেন না। তাতে রস দ্রুত শুকিয়ে যাওয়ার প্রবণতা থাকে। বায়ুরোধী পাত্র বা জ়িপ-ব্যাগে লেবু সংরক্ষণ করতে পারেন। এতে আর্দ্রতা কিছুটা বজায় থাকে।
৪. আলাদা রেখে: আলু, টম্যাটো এবং পেঁয়াজের মতো সব্জির সঙ্গে লেবু রাখবেন না। ওই দুই সব্জির গন্ধ মিশে যেতে পারে লেবুতে। পাশাপাশি এই সব্জিগুলি থেকে কিছু গ্যাস নির্গত হয়। আর সেই গ্যাসের সংস্পর্শে এলে লেবু জলদি পচে যেতে পারে।
৫. হাতে ঘুরিয়ে: লেবু থেকে রস বার করার আগে রান্নাঘরের কাউন্টার টপে রেখে হাতের তালুর চাপে ঘুরিয়ে নিতে হবে। এর ফলে লেবুর আঁশগুলি থেকে রস কিছুটা আলগা হয়ে যায়। তার পর রস বার করতে কোনও অসুবিধা হবে না।
৬. ফ্রিজ়ারে রেখে: লেবু যদি অতিরিক্ত পেকে গিয়ে থাকে, তা হলে অবশ্যই লেবুর রস বার করে ফ্রিজ়ারের বরফের ট্রেতে ভরে রাখবেন। তা হলে নষ্ট হওয়ার আগেই লেবু ব্যবহার করতে পারবেন, তা ছাড়া প্রয়োজন মতো যথেষ্ট রসও পেয়ে যাবেন।
৭. কেনার সময়ে সতর্কতা: অনেকেই হলুদ, পেকে যাওয়া লেবু কিনে আনেন বাজার থেকে। ভাবেন, বেশি রস মিলবে। তবে এই ধরনের লেবু এই গরমে দ্রুত পচে যায়। তাই অল্প সবুজ রঙের লেবু কিনতে হবে, যাতে বেশি দিন সেটি সতেজ থাকে। ধীরে ধীরে পেকে গেলে ব্যবহার করতে পারবেন।
গরমে শরীরকে সতেজ রাখতে লেবুর জুড়ি মেলা ভার। তাই সামান্য যত্ন নিলেই এই উপকারী ফলটিকে অনেক দিন পর্যন্ত টাটকা রাখা সম্ভব বলেই মত গৃহিণী থেকে বিশেষজ্ঞ— সকলের।
