Life Style News

1 month ago

Monsoon Jewellery Maintenance: বর্ষার আর্দ্রতায় ম্লান হচ্ছে প্রিয় গয়না? জেল্লা বজায় রাখতে মেনে চলুন এই সহজ যত্নের টিপস

Monsoon Jewelry Maintenance Tips
Monsoon Jewelry Maintenance Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বর্ষাকালে ত্বক ও চুলের যত্নে অনেকেই বাড়তি নজর দেন। কিন্তু এই সময় অবহেলিত থেকে যায় নিত্য ব্যবহার করা সোনা, রুপো কিংবা পাথরের গয়নাগুলি। বাতাসের অতিরিক্ত আর্দ্রতা, ঘাম, ধুলোবালি এবং অনিয়মিত ব্যবহার—সব মিলিয়ে ধীরে ধীরে গয়নার স্বাভাবিক ঔজ্জ্বল্য কমতে শুরু করে। ফলে সোনার গয়না আগের মতো উজ্জ্বল থাকে না, রুপোর গয়নায় কালচে আস্তরণ পড়ে, আর বিভিন্ন পাথর বসানো অলঙ্কারও হারিয়ে ফেলে তার স্বাভাবিক দীপ্তি। পেশাদারদের মতে, বর্ষাকালে গয়না ভালো রাখতে কয়েকটি সহজ নিয়ম মেনে চলাই যথেষ্ট।

কোন কোন কৌশল মেনে গয়নার ঔজ্জ্বল্য ধরে রাখবেন?

১. শুকনো রাখুন: বর্ষার সবচেয়ে বড় সমস্যা হল, আর্দ্রতা। বৃষ্টি, ঘাম কিংবা বাতাসের অতিরিক্ত জলীয় বাষ্প ধাতু এবং কিছু মূল্যবান পাথরের উপর প্রভাব ফেলতে পারে। বাইরে প্রবল বৃষ্টিতে ভিজলে বা অতিরিক্ত ঘাম হলে বাড়ি ফিরে নরম কাপড় দিয়ে গয়নাগুলি মুছে নেওয়া ভাল। বাইরে বৃষ্টি পড়লে গয়না না পরলেই ভাল। তা ছাড়া খেলাধুলো করার সময়ে ঘাম হলে তা থেকেও ম্লান হয়ে যেতে পারে। তাই সময়ে সময়ে গয়না খুলে রাখাই শ্রেয়।

২. পরিষ্কার করুন: ঘাম, ধুলোময়লা, ক্রিম-তেলের অবশিষ্টাংশ গিয়ে জমে গয়নায়। তাই নিয়মিত পরিষ্কার করা দরকার। গয়না বুঝে কালেভদ্রে হালকা গরম জল ও সাবান দিয়ে ধুতে পারেন। নয়তো নরম মাইক্রোফাইবার দিয়ে রোজ মুছে মুছে রাখতে হবে। তবে পাথর দেওযা গয়নার ক্ষেত্রে যে কোনও ক্লিনজ়ার ব্যবহার করবেন না। কাপড় দিয়ে মুছেই নেওয়াই নিরাপদ।

৩. সংরক্ষণ করুন: অনেকেই সব গয়না একসঙ্গে একটি বাক্সে রেখে দেন। এতে ঘষাঘষির ফলে গয়নার ক্ষতি হতে পারে। তা ছাড়া কোনও একটি গয়নায় যদি আর্দ্রতা জমে থাকে, তা হলে সব গয়নাই নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রতিটি গয়না আলাদা থলি বা কাপড়-ঢাকা খোপে রাখা ভাল। গয়নার বাক্সে সিলিকা জেলের ছোট প্যাকেট রাখলে তা অতিরিক্ত আর্দ্রতা শোষণ করতে পারে।

৪. গয়নাভেদে ভিন্ন যত্ন: সোনায় মরচে পড়ে না বা জং ধরে না। কিন্তু বাতাসের অতিরিক্ত আর্দ্রতার সংস্পর্শে এলে রং বদলে যাওয়ার সম্ভাবনা থাকে, জেল্লা কমে যেতে পারে। একই ভাবে রুপোও দ্রুত কালচে হয়ে যেতে পারে। গয়নার রং, গন্ধ বা ঔজ্জ্বল্যে পরিবর্তন চোখে পড়লে দ্রুত পরিষ্কার করা প্রয়োজন। অন্য দিকে, পাথর দেওয়া গয়নার ক্ষেত্রেও বিশেষ সতর্কতা দরকার। হিরে, পান্না, নীলা বা অন্যান্য পাথরের গয়নার ক্ষেত্রে যত্নের ধরন আলাদা হতে পারে। বিশেষ করে পোলকি বা অপরিশোধিত হিরের ক্ষেত্রেই বিশেষ নজর দরকার। অতিরিক্ত জলীয় বাষ্প পাথরের সংস্পর্শে এলে তা স্বচ্ছতা ও সৌন্দর্য নষ্ট করতে পারে।

৫. প্রসাধনী থেকে সাবধান: সুগন্ধি, হেয়ার স্প্রে, লোশন বা প্রসাধনীতে থাকা নানা রাসায়নিক পদার্থ গয়নার স্বাভাবিক ঔজ্জ্বল্য কমিয়ে দিতে পারে। তাই সাজগোজের সব কাজ শেষ করে গয়না পরা ভাল। একই ভাবে বাড়ি ফিরে গয়না আগে খুলে রাখা উচিত।

গয়না বছরের পর বছর নতুনের মতো রাখতে চাইলে বর্ষাকালে সামান্য সচেতনতাই বড় পার্থক্য গড়ে দিতে পারে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সঠিকভাবে সংরক্ষণ করলে আপনার প্রিয় অলঙ্কারের জেল্লা দীর্ঘদিন অটুট থাকবে। 

You might also like!