
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ক্যামাক স্ট্রিট ইস্যুতে পুলিশের পাঠানো নোটিস এবং এফআইআর নিয়ে পালটা প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেক্সপিয়র সরণি থানায় মঙ্গলবার হাজিরার আগে পুলিশকে ইমেল করে এফআইআরের অনলাইন কপি চেয়েছেন তিনি। অভিষেকের আইনজীবী অর্ক নাগের দাবি, ক্যামাক স্ট্রিটের দলীয় দফতর থেকে ‘বেআইনি’ বিলবোর্ড খোলার অভিযোগে অভিষেকের বাড়িতে নোটিস পাঠানো হলেও সংশ্লিষ্ট এফআইআর বা নোটিসের কপি কলকাতা পুলিশের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না। এই বিষয়টি উল্লেখ করেই রবিবার রাতে পুলিশকে ইমেল করা হয়েছে বলে জানিয়েছেন অভিষেকের আইনজীবী। মঙ্গলবার শেক্সপিয়র সরণি থানায় সাংসদ হাজিরা দেবেন কি না, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার, ২৭ আগস্ট। ওই বিকেলে বেশ কয়েকজন পুরকর্মী এবং পুলিশ আধিকারিক অভিষেকের ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে পৌঁছন। তাঁদের সঙ্গে ছিল গ্যাসকাটার। জানানো হয়, এখানকার বিলবোর্ডটি বেআইনি, তা খুলে ফেলতে হবে। খবর পেয়ে বেরিয়ে আসেন অভিষেক। বিলবোর্ড খোলার অর্ডার কপি দেখতে চান। অভিষেকের দাবি, পুরকর্মীরা তা দেখাতে পারেননি। তা নিয়ে দু’পক্ষের বাকবিতণ্ডাও হয়। তৃণমূল সাংসদ প্রশ্ন তোলেন, নিজের অফিসের বাইরে কী বোর্ড লাগানো হবে, তা কি পুরসভা ঠিক করবে? পুলিশের তাগিদ পুরসভার থেকে বেশি। পুর আধিকারিকদের ক্যামাক স্ট্রিটে যাওয়া বেআইনি বলেও তোপ দেগেছিলেন তিনি।
