
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সপ্তাহ শেষেই কালীপুজো এবং দীপাবলির আমেজে মেতে উঠবে সারা দেশ। কিন্তু সেই সময়ে দুর্যোগের ভ্রুকুটি চিন্তা বাড়াচ্ছে আম জনতার। দুর্গাপুজোর সময় বাংলা-সহ একাধিক রাজ্যে বৃষ্টিপাতের কারণে উৎসবের মজা মাটি হয়েছিল। এ বার কালীপুজোতেও একই পরিস্থিতি তৈরি হবে কি না, তা নিয়েও আশঙ্কা রয়েছে দেশবাসীর মনে।
হাওয়া অফিস সূত্রে খবর, আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। আর তা তৈরি হতে পারে ঘূর্ণিঝড়ে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ১৮ অক্টোবর আন্দামান সাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত আরও তীব্র হয়ে ২০-২১ অক্টোবর নাগাদ এই ঘূর্ণাবর্ত পরিণত হতে পারে নিম্নচাপে। পাশাপাশি, এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলেও আবহবিদরা জানিয়েছেন। তবে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হবে কি না, তা সোমবার বিকেলেই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হবে বলেও সূত্রের খবর। নিম্নচাপের প্রভাবে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে তা-ও সোমবার বিকালে হাওয়া অফিসের তরফে নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে।
