kolkata

2 years ago

Suvendu Adhikari: আইএসএফের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু

Naushad Siddiqui  - Suvendu Adhikari
Naushad Siddiqui - Suvendu Adhikari

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত কয়েক দিন ধরেই বঙ্গ রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ডায়মন্ড হারবারে লোকসভা কেন্দ্রের নাম। ওই কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন আইএসএফের নওশাদ সিদ্দিকী। জল্পনা শোনা যাচ্ছে, সরাসরি না হলেও পরোক্ষে ওই কেন্দ্রে নওশাদকে সমর্থন করতে পারে বিজেপি।

 আইএসএফ কে সমর্থনের প্রশ্নে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ডায়মন্ড হারবারের আইএসএফকে সমর্থনের প্রশ্ন নেই। আবার পরমুহূর্তে নিজেই নওশাদ ‘ভাই’য়ের লড়াইয়ের প্রশংসা করে বুঝিয়ে দিলেন, বিধানসভার অন্দরেও আইএসএফ বিধায়কের সঙ্গে বোঝাপড়া রয়েছে তাঁর।

শুভেন্দু বলেন, “একটা কথা বলতে পারি, আইএসএফের লড়াইটা আমি পঞ্চায়েত এবং পঞ্চায়েতের পরে দেখেছি। ওরা সিপিএমের মতো, কংগ্রেসের মতো সেটিং করে আসেনি। বেঙ্গালুরু, মুম্বই, পাটনার সেটিংয়ের রাজনীতি করে না।” শুভেন্দুর বক্তব্য, “একটা লাইন না বললেই নয়। এটা বললে হয়তো ওদের বিজেপির বি টিম বলা হবে। সিপিএম এবং কংগ্রেসের যেমন দিল্লিতে তৃণমূলের সঙ্গে দোস্তি, বাংলায় কুস্তি, সেই সেটিং আইএসএফের নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনের বিরুদ্ধে নওশাদ ভাইয়ের লড়াইয়ে একটা নিষ্ঠা আছে। সেটা একজন বিধায়ক হিসাবেও বিধানসভায় দেখেছি। বিধানসভার অন্দরে ও যেভাবে মমতার অপশাসন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে, নওশাদের সেই লড়াইকে কুর্নিশ জানাতেই হবে।” অভিষেকের বিপক্ষে যিনি প্রার্থী হবেন, তাঁর লড়াইকে শুভেন্দু যেভাবে কুর্নিশ জানালেন, সেটা লোকসভার আগে তাৎপর্যপূর্ণ যে তা আর বলার অপেক্ষা রাখে না। 

You might also like!