
কলকাতা, ১৯ অক্টোবরঃ ফের আজ টেট আন্দোলন নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ৷ বুধবার দিলীপবাবু বলেন, ‘‘অবস্থান, অনশন চলছে, এটা চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছে। সরকারের ক্ষমতা, ইচ্ছে টাকা-পয়সা কোনওটাই নেই, যে নতুন চাকরি দেবে। এই সব ছেলে-মেয়েদের ভবিষ্যৎ কী সেটা চিন্তার বিষয়। তাঁরা তাঁদের লড়াই করছে। আমরা সবাই তাঁদের পাশে আছি। শুধু সরকার তাঁদের পাশে নেই। সরকারের ইচ্ছে নেই এই সমস্যার সমাধান করার।’’ তিনি মন্তব্য করেন, ‘‘সরকার কী ঘোষণা করে দিয়েছে যে, এই ব্যাচের আর চাকরি হবে না! তাঁরা লিখিত পরীক্ষায় পাশ করেছেন, তাঁরা ভেবেছিলেন সবাই চাকরি পাবেন। এই ধারণা তৈরি হয়েছে কেন? সেই ধারণাটা ভুল না ঠিক সেটা আগেই পর্ষদের বলা উচিত ছিল। এখন যখন, তখন বলছে চাকরি হবে না, যা হওয়ার হয়ে গিয়েছে।’’ পর্ষদ সভাপতির দাবি, এর পিছনে রাজনৈতিক সংগঠনগুলির ইন্ধন রয়েছে৷ এই প্রসঙ্গেও তাঁর দাবি, ‘‘দেড় লক্ষ চাকরি বাকি থাকবে, ১০ হাজার নিয়ে বাতিল করে দেবেন। বছরের পর বছর নিযুক্তি হবে না তো ছেলে-মেয়েরা করবে কী? এর জন্য রাজনীতি করার প্রয়োজন কী৷ তাঁরা তাঁদের লড়াই করছেন। রাজনৈতিক নেতারা যাচ্ছেন নিজের প্রয়োজনে বা তাঁদের সমর্থনের জন্য। তাঁরা আপনাদের অযোগ্যতার বিরুদ্ধে লড়ছেন। আপনারা সমস্যার সমাধান করুন৷’’ প্রসঙ্গত, বুধার তিন দিনে পড়ল টেট উত্তীর্ণদের আন্দোলন৷
