
কলকাতা, ১৭ অক্টোবর : হাওড়ার শিবপুরে গাড়ির পর দুই ব্যবসায়ী ভাইয়ের ফ্ল্যাটেও উদ্ধার বিপুল অর্থভাণ্ডার। তবে এখনও খোঁজ মেলেনি দুই ভাইয়ের। এবার অরবিন্দ পান্ডে ও তাঁর ভাই শৈলেশ পান্ডের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল লালবাজার।
একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের দায়ের করা অভিযোগের ভিত্তিতে শিবপুরে অভিজাত আবাসনে হানা দেন গোয়েন্দারা। গাড়ি থেকে উদ্ধার হয় ২ কোটি ২২ লক্ষ টাকা। সঙ্গে সোনা-হিরের গয়না। হদিশ মেলে দুই অ্যাকাউন্টেরও, যেখানে গচ্ছিত রয়েছে ২২ কোটিরও বেশি টাকা। অ্যাকাউন্ট দুটি ফ্রিজ করেন গোয়েন্দারা। ফ্ল্যাটে হানা দিতেই ৬ কোটির মতো টাকা উদ্ধার হয় ফ্ল্যাট থেকেই। শিবপুরের অপ্রকাশ মুখার্জি লেনের আবাসনে হানা দেন কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখার কর্তারা। তালা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। রবিবার রাত ১২টা ৪০ মিনিট পর্যন্ত চলে তল্লাশি ও টাকা গোনার কাজ। উদ্ধার হয় ৫ কোটি ৯৫ লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয় প্রচুর গয়না। আবাসনের তিন তলায় ব্যবসায়ী শৈলেশ পান্ডের আরেক ফ্ল্যাট। শনিবার শিবপুরে গঙ্গার ধারে যাঁর অন্য আবাসনের পার্কিং লটের গাড়িতে উদ্ধার হয় প্রায় আড়াই কোটে টাকা। জানা যাচ্ছে, শৈলেশ পান্ডে পেশায় ছিলেন চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট। মাঝেমধ্যে তাঁরা ফ্ল্যাটে আসতেন, জানাচ্ছেন প্রতিবেশীরা।
