
কলকাতা, ৬ অক্টোবর : কলকাতার রাস্তায় বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ হারালেন এক তরুণী। আহত হয়েছেন অন্তত পাঁচ জন। আহতদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় ওই বাসটির হেল্পারকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বুধবার রাত দেড়টা নাগাদ শিয়ালদহের মুচিপাড়ায় একটি বাস দ্রুত গতিতে এসে ছ’জনকে ধাক্কা মারে।
তাতে মারা যান এক তরুণী। আহত হয়েছেন তাঁর পরিবার-পরিজনের অন্তত চার-পাঁচ জন । দশমীতে তাঁরা সকলেই একসঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। পুলিশ সূত্রের খবর, ৪৬ নম্বর রুটের ওই বাসটি এনআরএস থেকে রাজাবাজারের দিকে যাচ্ছিল। এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
