
কলকাতা, ১১ নভেম্বর : হাওড়া(Howrah ) শাখায় শনিবার, ১২ নভেম্বর বাতিল থাকতে পারে একাধিক লোকাল ট্রেন। নবদ্বীপ ধাম স্টেশনে একটি ফুট ওভারব্রিজ (এফওবি) নির্মাণ কাজের জন্য ওই দিন আপ ও ডাউন লাইনে দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। শনিবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত আপ লাইনে এবং সকাল ১১ টা থেকে বিকাল ৩ টে পর্যন্ত ডাউন লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই কারণে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন। যে সমস্যা লোকাল ট্রেনগুলি বাতিল থাকবে সেগুলি হল– হাওড়া থেকে ৩৭৯১১, ব্যান্ডেল থেকে ৩৭৭৪৫, ৩৭৭৪৭, কাটোয়া থেকে ৩৭৯২২, ৩৭৭৪৪, ৩৭৭৪৬।
পাশাপাশি ডাউন কাটোয়া-ব্যান্ডেল (৩৭৭৪৮) দুপুর একটার বদলে ২টো ১০ মিনিটে ছাড়বে। অন্যদিকে, অন্ডাল স্টেশনে জরুরি সংস্কার কাজের জন্য শনিবার থেকে ১৭ নভেম্বর পর্যন্ত একাধিক ট্রেনের যাত্রাপথ বদল হবে। এই সময়ে আসানসোল ডিভিশনে ট্রেন পরিষেবা ব্যাহত হবে। অন্ডাল স্টেশন ইয়ার্ডের আধুনিকীকরণের জন্য অন্ডাল-সাঁইথিয়া শাখায় দিনের কিছু সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। তার জেরে রাঁচি-ভাগলপুর বনাঞ্চল এক্সপ্রেস দুর্গাপুর-অন্ডাল হয়ে যাবে। শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস সিউড়ি-সাঁইথিয়া-বর্ধমান হয়ে যাবে। সাঁইথিয়া-অন্ডাল প্যাসেঞ্জার কাজোরাগ্রামে যাত্রা শেষ করবে।
