
দীর্ঘদিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদে দলীয় কর্মিসভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকে ফেরার পথে হুগলির সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা দুধের গাড়িতে অভিষেকের গাড়ি ধাক্কা মারে। ওই দুর্ঘটনাতেই সাংসদের বাঁ চোখের নিচের হাড় ভেঙে যায়। তারপর থেকে দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন অভিষেক। বর্তমানে আমেরিকার হাসপাতালে ভরতি তিনি। ওই হাসপাতালে আরও একবার চোখের অস্ত্রোপচার হয়েছে তাঁর। অভিষেকের চোখের ছবি পোস্ট করে সমালোচকদের যোগ্য জবাব দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।তৃ ণমূলের রাজ্য সাধারণ সম্পাদক লেখেন, “যাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসায় অভ্যস্ত, এমনকি তার চোখের চিকিৎসা নিয়েও নানা কথা রটান, তাঁরা ভাল করে ছবিটি দেখুন। ওর চোখের আজকের অবস্থা। একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম ছিলেন অভিষেক। চোখে ভয়ংকর চোট। কলকাতায়, ভারতের অন্যত্র চিকিৎসা করিয়েছে। সমস্যা কাটেনি। বেশিক্ষণ পড়লে চোখে ব্যথা হয়। মাথা যন্ত্রণা শুরু হয়। কখনও কখনও ঘুমোতে পারে না। এত জটিল অবস্থা যে একাধিক জায়গায় চিকিৎসা করেও স্বাভাবিকতা ফেরেনি। তাই এখন আরেকবার চেষ্টা। আমেরিকায় অস্ত্রোপচার। চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন। অভিষেক দ্রুত সুস্থ হয়ে উঠুক। চোখ স্বাভাবিকতায় ফিরুক।”
