
হাওড়া, ২৯ অক্টোবর : ওভারহেডের তার ছিঁড়ে বড়সড় বিপত্তি হাওড়া স্টেশনে। দক্ষিণ পূর্ব রেলে হাওড়া-খড়গপুর শাখায় ব্যাহত ট্রেন চলাচল। সূত্রের খবর, হাওড়া টিকিয়াপাড়া কারশেডের কাছে শনিবার বিকেল সাড়ে চারটা নাগাড ওভারহেড তার ছিঁড়ে যায়। এর ফলে আপ ও ডাউন লেনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তার জোড়ার কাজ শুরু করেছেন ইঞ্জিনিয়ররা। এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন রেলের দক্ষিণ পূর্ব শাখার উচ্চপদস্থ আধিকারিকরা। এদিকে আচমকা এই বিপত্তির জেরে দক্ষিণ পূর্ব শাখার একাধিক স্টেশনে বিভিন্ন লোকাল ও দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে গিয়েছে। তবে রেলের তরফে স্পষ্ট জানানো হয়েছে পরিস্থিতির গুরুত্ব বিচারে দ্রুত গতিতে সারাইয়ের কাজ শুরু করা হয়েছে। শীঘ্রই স্বাভাবিক হয়ে যাবে পরিষেবা।
