Mamata Banerjee : দ্রব্যমূল্য নিয়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নবান্নে টাস্ক ফোর্সের বৈঠক

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ১৪ নভেম্বর  : শীত পড়েছে। বাজারে শাকসব্জির দাম কমার কথা। আদতে কমছে কি? সোমবার বিকেলে নবান্নে এ নিয়েই বসছে টাস্ক ফোর্সের বৈঠক। সেখানে আলোচনা হবে দাম নিয়ে।

গোটা শীত জুড়েই যেন এমন দামে লাগাম থাকে, টাস্ক ফোর্সের সদস্যদের সামনে সেই মতামত রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেডারেশন অফ ট্রেডার্স অর্গানাইজেশনের রবীন্দ্রনাথ কোলে দাবি করেছেন, শীত আসায় নতুন সবজিতে ছেয়েছে বাজার। ফুলকপি, বাঁধাকপি, গাজর, বিট সবকিছুরই দাম কমেছে।

রবীন্দ্রনাথ কোলের কথায়, এখনও বাজারে বিহার, ঝাড়খণ্ড থেকে আসা কড়াইশুঁটি রয়েছে। এর দাম আপাতত ১০০ টাকা থেকে ১৩০ টাকা প্রতি কেজি। আরেকটু শীত পড়লেই বাংলার দেশি কড়াইশুঁটি উঠবে। দাম তখন নামতে বাধ্য। বাঙালির হেঁশেলে ঝালে ঝোলে আলু অবশ্য প্রয়োজনীয়। আলুর দামও গত দু’মাসের তুলনায় অনেকটাই কম। নতুন আলু ২০ থেকে ২২ টাকা কেজি দরে বিকোচ্ছে অনেক জায়গাতেই। তবে কিছু ব্যবসায়ী দাম বেশি নিচ্ছে এমন অভিযোগ এসেছে। দ্রুত সে সমস্ত বাজারে অভিযান চালাবেন টাস্ক ফোর্সের সদস্যরা।

এই মুহূর্তে শীতের নতুন কুমড়ো ৩০ টাকা কেজি। একই দামে বিকোচ্ছে পেঁপেও। তবে ঢ্যাঁড়শ আর ঝিঙের দাম ৮০ টাকা প্রতি কেজির নিচে নামছে না। ব্যবসায়ীরা জানিয়েছেন, শীতের মরশুমে ঢ্যাঁড়শ ভাল হয় না। সে কারণেই ফি-শীতে ঢ্যাঁড়শের দাম সামান্য বেশিই থাকে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, শীতের আগে নানা ধরনের সবজির চাষ হয়, সেই সবজি বাজারে আসতেই কমেছে দাম। দুর্গাপুজোর সময় থেকেই বাজারে দেখা মিলছিল ফুলকপি, বাঁধাকপির। তবে দাম ছিল চড়া। এখন এই দুই সবজির দাম কমেছে অনেকটা। দাম কমেছে টমেটোরও। গত মাসের শুরুতেই যে টমেটোর দাম ছিল ৮০ টাকা কেজি, সেই টমেটোর দাম এখন ৪০ থেকে ৫০ টাকা কেজি। তা নিয়েই বৈঠক নবান্নে। 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…