
পঞ্চায়েত ভোটের আগে আবার জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো পর্ব মিটতেই এই সিদ্ধান্ত। আগামী ৮ই নভেম্বর কৃষ্ণনগর যাবেন তিনি। পরের দিন অর্থাৎ ৯ই নভেম্বর একটি রাজনৈতিক জনসভায় অংশ নেবেন। তারপরের দিন অর্থাৎ ১০ তারিখ রানাঘাটে হাবিবপুরে জেলার প্রশাসনিক বৈঠক। তারপর তিনি কলকাতায় ফিরবেন। ৯ তারিখ রাজনৈতিক জনসভাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে জেলার দলীয় নেতৃত্ব। ওই মঞ্চ থেকে বর্তমান পরিস্থিতিতে দলীয় কর্মী ও সাধারণ মানুষের সামনে নিজের বার্তা তুলে ধরবেন তৃণমূল নেত্রী। নানা ইস্যুতে সরকারকে কাঠগড়ায় তুলে কোণঠাসা করার চেষ্টা করছে বিরোধীরা। এটি যেমন একটি বিষয়, তেমনই যেভাবে ডিসেম্বরের মধ্যে রাজ্যে সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে বিজেপি, তা নিয়েই ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দলের মন্ত্রীদের নিজের বার্তা দিয়েছেন। সর্বশেষ মন্ত্রিসভার বৈঠকে তিনি সাফ জানিয়ে দেন, বিজেপি (BJP) তথা কেন্দ্রীয় সরকারের নানা এজেন্সি বাংলায় সক্রিয়। নানাভাবে প্ররোচনা দিয়ে এখানে হাঙ্গামা বাঁধানোর চেষ্টা হচ্ছে। সরকারের বদনামের জন্য উঠেপড়ে তারা লেগেছে। সেইজন্যই ডিসেম্বর মাস পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে।
