
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এসএসসি গ্রুপ ‘ডি’ নিয়োগ তদন্তে সিবিআইয়ের সিটের কাজে জারপরনাই ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়। এর আগেও তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন। হুঁশিয়ারি দিয়েছিলেন সিট ভেঙে নতুন করে তৈরির। বুধবার তা বাস্তবায়িত করলেন তিনি। আট সদস্যের সিটে, বর্তমানে আরও চারজনকে যুক্ত করা হল। আগের বিশেষ তদন্তকারী দল থেকে বাদ দেওয়া হয়েছে দু’জনকে। সিটের প্রধান হিসাবে ফেরানো হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ডিআইজি অখিলেশ সিংকে।
গ্রুপ ‘ডি’ নিয়োগ মামলায় গত ১৮ই মে ৫৪২ জন ‘অযোগ্য’ চাকরিপ্রার্থীর নিয়োগ খতিয়ে দেখতে সিবিআইকে নির্দেশ দিয়েছিলে বিচারপতি গঙ্গোপাধ্যায়। তদন্ত দ্রুত করতে ১৭ জুন আদালত সিবিআইয়ের আধিকারিকদের নিয়েই সিট গঠন করে। পাঁচ মাসে এখনও পর্যন্ত ‘অযোগ্য’দের মাত্র ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। কেন এই হাল? জানতে চাইলে সিবিআইয়ের যুক্তি, বৃহত্তর ষড়যন্ত্রের গভীরে পৌঁছনোর চেষ্টা করা হচ্ছে। কাদের থেকে ঠিক কারা কারা টাকা নিয়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে তাই দেরি। এতেই অখুশি বিচারপতি।
