kolkata

2 years ago

Sitaram Yechuri : 'তদন্তের নামে বিরোধীদের হেনস্তা' তৃণমূলের সুরেই ইয়েচুরি

Sitaram Yechuri (File picture)
Sitaram Yechuri (File picture)

 

হাওড়া, ৩ নভেম্বর  : একের পর এক দুর্নীতির অভিযোগে বিদ্ধ রাজ্যের শাসক দল। তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী জেলে। শাসকদলের দুর্নীতি নিয়ে দিনরাত গলা ফাটাচ্ছেন রাজ্যের সিপিএম কর্মীরা। অথচ দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি অনেকটা তৃণমূলের সুরে সুর মিলিয়েই হেনস্তার তত্ত্বে সিলমোহর দিলেন।

ইয়েচুরি সাংবাদিকদের শুক্রবার বললেন, ‘ইডি যদি সত্যি তদন্ত করতে চায়, তাহলে যাঁরা দোষ করেছে তাঁদের দোষ প্রমাণ করে শাস্তির ব্যবস্থা করা হোক। তদন্তের নামে দিনের পর দিন ধরে বিরোধীদের হেনস্তা মেনে নেওয়া হবে না।’

শুক্রবার থেকে হাওডায় শুরু হয়েছে বঙ্গ সিপিএমের এরাজ্যের তিনদিনের বর্ধিত অধিবেশন। সেখানেই সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, “তৃণমূল বিজেপির বিকল্প হতে পারে না। আগে আপস করেছে। হয়তো পরে আবার করবে। কিন্তু আজ ভারতকে আর ভারতবাসীকে বাঁচাতে বিজেপিকে সরকার থেকে সরাতে হবে। আগে ভারতকে বাঁচানো দরকার। তার পর নাহয় অন্য কিছু ভাবা যাবে।”

বাংলার একাধিক দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, সিবিআই। তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব শাসকদল তৃণমূল। অন্যদিকে দুর্নীতি ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি, কংগ্রেসের মতো এরাজ্যের সিপিএম নেতারাও।

ইয়েচুরির মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। জোটের বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করতে গিয়ে এদিন ইয়েচুরি বলেন, “বিজেপির আমলে ভারত ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি। তাই দেশকে বাঁচাতে বিজেপিকে সরকার থেকে সরাতেই হবে। এই জন্যই এই জোট।”

You might also like!