
কলকাতা, ৩১ আগস্ট : শিয়ালদহ স্টেশন চত্বরে আগুন-আতঙ্ক! সোমবার সকালে স্টেশনের বাইরে একটি খাবারের দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় দমকল, কলকাতা পুলিশ এবং রেল পুলিশের আধিকারিকেরা। দমকলের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে।
সোমবার সকালে স্টেশনের বাইরে থাকা ফুডকোর্ট বা খাওয়ার জায়গায় একটি খাবারের দোকানে আগুন লাগে। অগ্নিকাণ্ডের কারণ অবশ্য স্পষ্ট নয়। এই ফুডকোর্টের সামনেই শিয়ালদহ দক্ষিণ শাখার দিকে যাওয়ার প্রবেশপথ। সপ্তাহের প্রথম কাজের দিনে প্রচুর যাত্রী স্টেশন চত্বরে ছিলেন। সেই সময়েই এই অগ্নিকাণ্ডে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছেই দমকল কর্মীরা, গার্ডরেল দিয়ে জায়গাটি ঘিরে ফেলেন। ব্যস্ত সময়ে শিয়ালদহ স্টেশনের মতো জনবহুল জায়গায় আগুন ছড়িয়ে পড়লে বড় বিপদের আশঙ্কা ছিল। তবে দমকল সূত্রে খবর, আগুন এখন নিয়ন্ত্রণে। কী কারণে ওই খাবারের দোকানে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, শিয়ালদহ স্টেশনের বাইরে এই রেস্তোরাঁয় এই নিয়ে দ্বিতীয়বার আগুন লাগার ঘটনা ঘটল। বছরখানেক আগে ওই রেস্তোরাঁর গা ঘেঁষে বাইরের দিকে থাকা রোল এবং চায়ের দোকানের টেক অ্যাওয়ে কাউন্টার থেকে আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছিল। স্টেশনের বাইরের দিকে শিয়ালদহ দক্ষিণ শাখা এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশনের প্রবেশপথের কাছে রয়েছে ওই রেস্তোরাঁ।
