
কলকাতা, ১৪ অক্টোবর : ভোররাতে বউবাজারের ১০ টি বাড়িতে ফাটল, মাটি থেকে জল বেরনোর আতঙ্ক। পরিস্থিতি দেখেশুনে নিরাপত্তার স্বার্থে আপাতত মেট্রোর কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কেএমআরসিএল। মুস্কিল আসানের পথ খুঁজতে শুক্রবার ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে-র অফিসে পুর প্রতিনিধি, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কেএমআরসিএল এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দেড় ঘণ্টার বৈঠক হয়।
বৈঠকে আলোচিত হয়, কতটা কাজ এগিয়েছে? এরপর কোথায় কাজ? মাটির নীচে ঠিক কোন জায়গায় কাজ চলছে? কত ক্ষতিপুরণ দেওয়া হবে? কজন -কে দেওয়া হবে? আগের দুবারের বিপর্যয়ের শিকার মানুষ কতদিনের মধ্যে স্থায়ী ঠিকানা পাবেন? এর মধ্যে কজন কে বৌবাজারেই নিজের ঠিকানায় ফেরানো হবে? বিকল্প বাসস্থানের পরিকল্পনা কজনের জন্য? কতদিনের মধ্যে সেই পরিকল্পনার বাস্তবায়ন? শ্বেত পত্রে জানাবে মেট্রো।
বউবাজার এলাকায় রয়েছে একাধিক সোনার দোকান। শুক্রবার ভোরে এলাকার বাড়িগুলিতে ফাটল দেখা দেওয়ায় স্বর্ণ ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। দেখা যাচ্ছে, যেখানে বসে তাঁরা কাজ করবেন, তারই ছাদে দেখা দিয়েছে ফাটল। ফলে ধনতেরাসের আগে কার্যত বিপদে পড়েছেন ব্যবসায়ীরা।
