Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

বিজেপির রাজ্য কমিটিতে বড় রদবদল, জায়গা পেলেন মিঠুন চক্রবর্তী

Mithun Chakrabarty
Mithun Chakrabarty

 


কলকাতা, ১৭ অক্টোবর : রাজ্য বিজেপির কোর কমিটিতে জায়গা পেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়ে গেরুয়া শিবিরের হয়ে প্রচারেও নামেন মিঠুন। তবে তার পরে বেশ কিছু দিন তাঁকে রাজ্যে দেখা যায়নি। কিন্তু সম্প্রতি তিনি ফের রাজ্য রাজনীতিতে সক্রিয় হয়েছেন। দুর্গাপুজোর আগে রাজ্যের বিভিন্ন জায়গায় সফরও করেন। এবার তাঁকে রাজ্য দলের শীর্ষ কমিটিতে রাখালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। সোমবার সন্ধ্যায় নতুন কমিটির তালিকা ঘোষণা করেছেন নড্ডা। তাতে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে রয়েছে মিঠুনের নামও।

এ বার মোট ২৪ জনের কোর কমিটি তৈরি করে দিয়েছেন নড্ডা। রাজ্য বিজেপির নেতারাই বলছেন, অতীতে এত বড় কোর কমিটি ছিল না বাংলায়। নতুন এই কমিটিতে প্রাক্তন রাজ্য সভাপতি হিসাবে যেমন রাহুল সিংহ রয়েছেন তেমনই নতুন করে এসেছেন তিন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর এবং জন বার্লা। রাজ্যের নেতা হিসাবে আগের কমিটিতেও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। এ বারও তিনি রয়েছেন। রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।

কমিটিতে রয়েছেন স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায়। প্রথম বার বিজেপির এমন কমিটিতে জায়গা পেলেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা। এ ছাড়া আর দু’জন বিধায়কই রয়েছেন কোর কমিটিতে। অগ্নিমিত্রা পাল ও দীপক বর্মন। যদিও এঁরা দু’জনেই রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক। সেই হিসাবেই তাঁরা রয়েছেন কোর কমিটিতে। বাকি তিন রাজ্য সাধারণ সম্পাদক সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো এবং জগন্নাথ চট্টোপাধ্যায়ও রয়েছেন কোর কমিটিতে। রয়েছেন রাজ্যের সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী এবং তাঁর সহকারী সতীশ ধন্ড।

২৪ জনের কমিটিতে ২০ জন সাধারণ সদস্য এবং চার জনকে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসাবে রাখা হয়েছে। তাঁরা হলেন বাংলার দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে এবং দুই সহকারী পর্যবেক্ষক অমিত মালবীয় এবং আশা লাকরা।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…