
কলকাতা, ৮ অক্টোবর : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত তীব্র অর্থাৎ ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মেঘ-বৃষ্টির খেলা দেখা যেতে পারে তিলোত্তমায়, মাঝেমধ্যে আকাশ চাদরে ঢাকলেও বৃষ্টি সেভাবে হবে না। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বৃষ্টি হলেও, তা হবে সংক্ষিপ্ত সময়ের জন্য। তাপমাত্রাও খুব বেশি চড়বে না, মনোরমই থাকবে পরিবেশ।কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট অনেটাই কমেছে। তবে পিছু ছাড়েনি বর্ষণ। আর এই বৃষ্টির সুবাদেই দক্ষিণবঙ্গের আবহাওয়া এখন মনোরম। তবে, শনিবার সকালে তীব্র রোদের দাপট দেখা গিয়েছে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। দুই দিনাজপুর, মালদহতেও বর্ষণের ভ্রুকুটি রয়েছে।
