
মুর্শিদাবাদ, ২৭ ফেব্রুয়ারি : সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের ৫৩ নম্বর ডাংরাইল বুথে প্রিসাইডিং অফিসার বদল করা হয়েছে। যিনি দায়িত্বে ছিলেন, তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। যার জেরে বেশ কিছু ক্ষণ ভোটগ্রহণ বন্ধ ছিল ওই বুথে। নতুন প্রিসাইডিং অফিসার আসার পর সকাল ৭টা ৫২ মিনিট থেকে ফের ভোট শুরু হয়। এদিকে, সাগরদিঘি উপ-নির্বাচনে সকাল সকাল কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। কংগ্রেস শিবিরের দাবি, তাঁকে ২১০ এবং ২১১ নম্বর বুথে ঢুকতে দেওয়া হয়নি। পরে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।
তৃণমূলের ফেস্টুন লাগানো টোটোয় ভোটারদের নিয়ে আসা হচ্ছে, এই অভিযোগে উপ-নির্বাচনের সকালে উত্তপ্ত সাগরদিঘির একাংশ। অভিযোগ, ৭৮ নম্বর বুথে বড়গরা এলাকায় যে টোটোয় চাপিয়ে ভোটারদের বুথে নিয়ে আসা হচ্ছে, সেই টোটোতে লাগানো রয়েছে শাসকদলের ফেস্টুন। উপ-নির্বাচনের আগে রবিবার রাতেও উত্তেজনা ছড়িয়েছিল সাগরদিঘিতে। বিজেপি এজেন্টকে ভয় দেখানো হয় বলে অভিযোগ। গেরুয়া শিবিরের দাবি, ১৩৯ নম্বর বুথে তাদের এজেন্টকে ভয় দেখাতে এসেছিলেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা নাড়ুগোপাল মুখোপাধ্যায়। রাতে তাঁকে ঘিরে স্থানীয় বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান।
