West Bengal

2 years ago

Mamata Banerjee : কার্নিভ্যালের মঞ্চ প্রস্তুত, ৩৩ দিন পর বাড়ির বাইরে আসবেন মমতা

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ২৭ অক্টোবর : শুক্রবার রেড রোডের কার্নিভালের প্রস্তুতিপর্ব শেষ। মোট ৯৬টি পুজো এতে অংশ নেবে।এতে অংশ নেওয়ার জন্যই ৩৩ দিন পর বাড়ির বাইরে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কার্নিভালে নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্কুল ‘দীক্ষামঞ্জরী’র ছাত্রছাত্রীরা। যে গানটির সঙ্গে ডোনা এবং তাঁর সহশিল্পীরা অনুষ্ঠান করবেন, সেটি লিখেছেন মুখ্যমন্ত্রী। গেয়েছেন মনোময় ভট্টাচার্য।

স্পেন ও দুবাই সফর সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরেছিলেন গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায়। তার পরের দিন এসএসকেএম হাসপাতালে তাঁর পায়ের পুরনো জায়গায় নতুন করে চোট পাওয়ার চিকিৎসা হয়। ২৪ সেপ্টেম্বর হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর চিকিৎসকদের পরামর্শে গৃহবন্দি ছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার ৩৩ দিন পর তিনি বাড়ির বাইরে পা রাখবেন। বিকেলে তাঁর গন্তব্য রেড রোডের পুজো কার্নিভাল।

এই ৩৩ দিন ঘরে থাকলেও প্রশাসন ও দলীয় কর্মসূচির নিয়মিত তদারকি করেছেন। শুধু সশরীরেই থাকতে পারেননি। অক্টোবরের ২ এবং ৩ তারিখ কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে তৃণমূলের আন্দোলন ছিল। সেখানেও যেতে পারেননি তৃণমূলনেত্রী।

তার পর ৫ অক্টোবর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনের উত্তর গেটের সামনে ধর্নাতেও ছিলেন না। এ বার মহালয়ার আগে থেকে পুজো উদ্বোধনও বাড়ি থেকে ভার্চুয়াল মাধ্যমে করেন মুখ্যমন্ত্রী। মহালয়ার দিন দলের মুখপত্রের উৎসব সংখ্যা উদ্বোধনও করেন ভার্চুয়ালি। গত ১২ অক্টোবর বাড়িতেই রাজ্য মন্ত্রিসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

You might also like!