
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি : শীতের বিদায়ের পর গরম এখনও সেভাবে পড়েনি। আবহাওয়া মোটামুটি স্বস্তিদায়ক রয়েছে। তবে, এই স্বস্তি সাময়িকের। মার্চের শুরুতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চড়বে তাপমাত্রার পারদ। তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী দু-এক দিনে রাজ্যে তাপমাত্রার হেরফের হবে না। তার পরের তিন দিন তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। মোটামুটিভাবে মার্চের শুরু থেকেই ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। আপাতত দক্ষিণ ও উত্তরবঙ্গের সর্বত্রই শুষ্ক থাকবে আবহাওয়া। কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
