
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ Sandip Ghosh-এর বাড়ির বেআইনি নির্মাণ নিয়ে পদক্ষেপ করল কলকাতা পুরসভা। সন্দীপ ঘোষ ও তাঁর স্ত্রী সঙ্গীতা ঘোষের যৌথ মালিকানাধীন বাড়ির ছাদের অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভার তরফে জানানো হয়েছে, আগামী ৪৫ দিনের মধ্যেই সেই অংশ অপসারণ করতে হবে।
কলকাতা পুরসভা সূত্রে খবর, বেলেঘাটার ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৮৩, বদন রায় লেনের ওই বাড়িটির বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ এনেছিলেন অংশুমান সরকার নামের এক ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয় মামলার শুনানি। গত ১৪ মে শুনানির পর এই ভাঙার নির্দেশ জারি করা হয়েছে।
পুরসভার তদন্ত ও নকশা অনুযায়ী, বাড়িটিতে মূলত তিনটি নিয়মের লঙ্ঘন করা হয়েছে। ছাদের ওপর প্রায় ৫.৪২৫ বর্গমিটার এলাকা জুড়ে ও ২.০৫ মিটার উচ্চতার একটি নতুন পারগোলা তৈরি করা হয়েছিল, যা মূল প্ল্যানে ছিল না। লিফটের মেশিন রুমে যাওয়ার জন্য ছাদের ওপর একটি লোহার প্যাঁচানো সিঁড়ি বসানো হয়েছিল। দ্বিতীয় তলে একটি দরজার জায়গায় নতুন করে ইটের দেওয়াল তোলা হয়েছিল। এই নির্মাণগুলি পুরসভার ২০০৯ সালের বিল্ডিং আইনের ১৩৩ ও ১৩৪ নম্বর ধারা লঙ্ঘন করেছে বলে রিপোর্টে জানানো হয়।
মামলার শুনানির সময় অভিযোগকারী স্পষ্ট জানান, ছাদের ওই বেআইনি পারগোলাটি কোনোভাবেই যেন বহাল রাখতে না দেওয়া হয়। অন্যদিকে, সন্দীপ ঘোষ স্বীকার করে নেন যে পারগোলাটি বাড়ির ‘কমপ্লিশন প্ল্যান’-এ ছিল না। উভয় পক্ষের বক্তব্য শোনার পরই, কলকাতা পুরসভার স্পেশাল অফিসার নির্দেশ দেন যে, ৪৫ দিনের মধ্যে ছাদের ওই বেআইনি অংশটি সম্পূর্ণভাবে সরিয়ে ফেলতে হবে।
