
বারাসত, ২৭ ফেব্রুয়ারি : সোমবার ভোরের ট্রেনের সামনে মরণঝাঁপ দিয়ে নিজেদের শেষ করে দিল এক নবদম্পতি। উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের ঘটনা।
জানা গিয়েছে, অশোকনগর কল্যাণগড় পুরসভার বাসিন্দা তুষার দাসের(২২) সঙ্গে দীর্ঘদিনের প্রেম ছিল এক নাবালিকার। ভালবাসার টানেই তুষারের হাত ধরে ঘর ছেড়েছিল নাবালিকা। সেই সময়ে ওই নাবালিকার ১৮ বছর হতে মাত্র ৬ মাস বাকি ছিল। তবু পরিবারের অনুমতি ছাড়া প্রেমিকের সঙ্গে দিন চার আগেই বিয়ে সেরে ফেলেছিল সে। বিয়ে করে তুষারের বাড়িতে বউ হিসেবেই সংসার করছিল নাবালিকা। কিন্তু ওই নাবালিকার বাবা গত ২২ তারিখই অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেন তুষারের বিরুদ্ধে। সেই অভিযোগে তিনি জানিয়েছিলেন, তাঁর নাবালিকা মেয়েকে তুষার অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। সেই মামলার জেরে এদিনই ম্যাজিস্ট্রেটের কাছে মেয়েটির গোপন জবানবন্দি দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এদিন ভোরবেলা সাড়ে ৪টে নাগাদ রেললাইনে গলা দিয়ে আত্মহত্যা করল নবদম্পতি। ৪টে ২০ মিনিটে আপ বনগাঁ লোকালে কাটা পড়ে তাঁরা।
