
কলকাতা, ১৫ মার্চ :এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার ‘কালীঘাটের কাকু’কে তলব করল সিবিআই। তলব পেয়েই বুধবার নিজাম প্যালেসে হাজির হন ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার রাতেই সুজয়কৃষ্ণ ভদ্রকে নোটিস দেওয়া হয়েছিল।বুধবার সকাল ১১টার কিছু আগেই নিজাম প্যালেসে হাজির হন ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র।নিজাম প্যালেসে ঢোকার মুখে ‘কীলাঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র বলেন, ‘কেন ডাকল জানি না৷ নোটিসও দেয়নি৷ হাতে লেখা কাগজ দিয়ে এসেছিল গতকাল সন্ধে সাড়ে ছ’ টায়৷ তাই চলে এসেছি৷ আমি এসবের কিছুই বুঝি না৷ আমার স্ত্রী খুবই অসুস্থ৷ তা সত্ত্বেও এসেছি৷ এর পরেও বলবে আমি তদন্তে অসহযোগিতা করছি৷’
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র জালে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক কুন্তল ঘোষ। তাঁর মুখ থেকেই প্রথম ‘কালীঘাটের কাকু’র কথা শুনেছিলেন বলে দাবি করেছিলেন তাপস মণ্ডল। পরে ‘কালীঘাটের কাকু’র নাম গোপাল দলপতির মুখেও শোনা যায়।
