
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:নির্বাচনী প্রচারে বিজেপিকে বাঙালির খাদ্যাভ্যাসের বিরোধী বলে কটাক্ষ করেছিল তৃণমূল। তবে ক্ষমতায় আসার পর সেই ধারণা ভাঙতে উদ্যোগী হয়েছে বিজেপি নেতৃত্ব। নবান্ন থেকে বিধানসভার শপথ অনুষ্ঠান— সর্বত্রই মাছ-ভাতের আয়োজনের মাধ্যমে বাঙালির আবেগকে গুরুত্ব দেওয়ার বার্তা দিচ্ছে নতুন সরকার। বিজেপি নেতৃত্বও স্পষ্ট করে দিচ্ছেন, তাদের আমলে বাঙালির খাদ্যসংস্কৃতিতে কোনও হস্তক্ষেপ হবে না।
আজ বিধানসভায় শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ ১৫২ জন বিধায়ক। শপথগ্রহণ করেছেন নিয়ামত শেখ সহ আরও দু’একজন তৃণমূল বিধায়ক। ছিলেন রেজিনগর ও নওদা থেকে জিতে আসা আমজনতা উন্নয়ন পার্টির একমাত্র বিধায়ক হুমায়ুন কবীর। আজ বিধানসভায় বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর পর দুপুরের খাবারের কথাও ঘোষণা করেন প্রোটেম স্পিকার তাপস রায়। বিধানসভার কক্ষে তিনি জানান, ‘আজ সব সদস্যের জন্য লাঞ্চের ব্যবস্থা আছে মাছ ভাত।’ জানা গিয়েছে, তাপস রায়ের এই ঘোষণার পরেই চওড়া হাসি দেখা যায় শুভেন্দু সহ শাসকদলের বিধায়কদের মুখে। উল্লেখ্য, সোমবার নবান্নের নব নির্বাচিত বিজেপি বিধায়কদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকেও ছিল সন্ধ্যায় স্ন্যাকসে ছিল ফিশফ্রাইয়ের ব্যবস্থা।
