West Bengal

1 hour ago

Chief Secretary : মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ঘিরে বিতর্ক, আইনের ব্যাখ্যা দিয়ে জবাব দিলেন সিইও মনোজ আগরওয়াল

Chief Secretary
Chief Secretary

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়ালের নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতি নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে তিনি অংশ নেন, যদিও তখনও তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেননি বলে দাবি বিরোধীদের।এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি-নির্বাচন কমিশন আঁতাঁতের অভিযোগ তোলে এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করেন।তবে মঙ্গলবার এই বিতর্কের জবাবে মনোজ আগরওয়াল জানান, তিনি সম্পূর্ণ আইন মেনেই মুখ্যমন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন।

মুখ্যসচিব হওয়ার পর মঙ্গলবার নিজের দায়িত্ব বুঝে নিয়েছেন মনোজ আগরওয়াল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কর্তব্য সম্পর্কে কথা বলার সময় তাঁকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়। কেন তিনি সোমবার মুখ্যমন্ত্রীর বৈঠকে হাজির ছিলেন? এর বিস্তারিত ব্যাখ্যা দেন মনোজ আগরওয়াল। তাঁর কথায়, “সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম বৈঠক ছিল সমস্ত সচিবকে নিয়ে। সিইও এখনও রাজ্যের নির্বাচন দপ্তরের সচিব। দ্বিতীয়ত, তাছাড়া আমি পশ্চিমবঙ্গ ক্যাডারের এই মুহূর্তে সবচেয়ে সিনিয়র অফিসার। তৃতীয়ত, আমি আইএএস অ্যাসোসিয়েশনের সভাপতি। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের সিনিয়র সচিবদের সঙ্গে বৈঠক করেন। রাজ্যের নির্বাচন দপ্তরের সচিব হিসেবে আমি সেই বৈঠকে ছিলাম। এটা আইনেই আছে।”

সেইসঙ্গে মনোজ আগরওয়ালের আরও ব্যাখ্যা, “জেলাশাসকদের সঙ্গে সোমবার আরেকটি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের আগে আগে মুখ্যসচিব হিসেবে আমার ফাইল সই করা হয়ে গিয়েছিল। তারপর আমি বৈঠকে গিয়েছিলাম। না হলে যেতাম না। কারণ, জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও হিসেবে আমার কোনও ভূমিকা নেই। তবে মুখ্যসচিব পদে আমার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে সন্ধ্যা হয়ে গিয়েছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে তার আগেই আমাকে মুখ্যসচিব হিসেবে নিয়োগ করা হয়ে গিয়েছিল।” আইনি ব্যাখ্যাতেই তিনি বুঝিয়ে দিলেন, তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

You might also like!