
বীরভূম, ১৫ অক্টোবর ঃ অনুব্রত মণ্ডলের মেয়েকে দিল্লির সদর দফতরে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সুকন্যা মণ্ডলকে ২৭ অক্টোবর হাজিরা দিতে হলা হয়েছে।অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর গরু পাচার মামলায় যত তদন্ত এগিয়েছে ততই জড়িয়ে পড়েছেন সুকন্যা। তাঁর নামে-বেনামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা।সায়গল হোসেনকে হেফাজতে পেতে দিল্লির রাউস অ্যাভিনিউ পিএমএলএ আদালতে আবেদন জানিয়েছে ইডি। সেই আবেদনের ভিত্তিতে সোমবারই শুনানি হবে আদালতে। এরইমধ্যে আবার সুকন্যাকে দিল্লিতে ইডির ডেকে পাঠানো নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। জেলা হেফাজতে রয়েছেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি। তাঁর পাশাপাশি সুকন্যার সম্পত্তিও তদন্তকারীদের আতস কাঁচের তলায়। তাঁর নামে রয়েছে রাইস মিল-সহ কোটি টাকার সম্পত্তি ও ব্যাঙ্ক ব্যালেন্স। প্রাথমিক স্কুলের শিক্ষিকা হয়ে এত টাকার মালিক হলেন কীভাবে? এই প্রশ্নই ঘুরছে তদন্তকারীদের মাথায়। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।আগামী সোমবারের মধ্যে এ সংক্রান্ত নথি জমা দিতে বলা হয়েছে সিবিআইয়ের তরফে। যে সংস্থা সিবিআইয়ের নজরে, সূত্রের খবর, সেই সংস্থার ডিরেক্টর হিসাবে নাম রয়েছে বিদ্যুৎবরণ গায়েনেরও। তিনিও নজরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
