Country

1 hour ago

Shatabdi Express Attack: শতাব্দী এক্সপ্রেসে পাথর বৃষ্টি, অক্ষত একই ট্রেনে সওয়ার আরএসএস প্রধান মোহন ভাগবত

Train Stone Pelting Case
Train Stone Pelting Case

 

ফিরোজাবাদ, ১২ জুন  : উত্তরপ্রদেশের ফিরোজাবাদ রেল স্টেশনের কাছে লক্ষ্ণৌ-দিল্লি শতাব্দী এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতের দিকে এই ঘটনায় রেল প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, কারণ এই ট্রেনটিতেই সফর করছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবত। ঘটনার খবর পেয়েই পুলিশ ও গোয়েন্দা আধিকারিকরা গভীর রাত পর্যন্ত অকুস্থল পরিদর্শনের পাশাপাশি তদন্ত শুরু করেছেন।

রেল সূত্রে জানা গেছে, কানপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে লক্ষ্ণৌ শতাব্দী এক্সপ্রেসে চেপে দিল্লি ফিরছিলেন সংঘ প্রধান। ট্রেনটি বৃহস্পতিবার রাতে মাখনপুর এবং ফিরোজাবাদ রেল স্টেশনের মধ্যবর্তী পৈমেশ্বর গেটের কাছ দিয়ে যাওয়ার সময় কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী আচমকা ট্রেন লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। তবে এই ঘটনায় সংঘ প্রধান বা অন্য কোনো যাত্রী আহত হননি, সকলেই সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। পরবর্তীতে ট্রেনটি টুন্ডলা স্টেশনে পৌঁছালে আরপিএফ পরিদর্শক অবধেশ গোস্বামী দলবল নিয়ে কোচটি পরীক্ষা করেন। তদন্তে দেখা গেছে, পাথরের আঘাতে কামরার জানলার শুধুমাত্র বাইরের কাচটি ভেঙেছে।

এই ঘটনার পরেই তৎপর হয়ে উঠেছে প্রশাসন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে লোকাল পুলিশ, জিআরপি এবং এলআইইউ -সহ একাধিক গোয়েন্দা সংস্থা। ফিরোজাবাদের প্রবীণ পুলিশ সুপার আদিত্য লাংহে জানিয়েছেন, "ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনার তদন্তে সাতটি বিশেষ পুলিশ টিম গঠন করা হয়েছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হবে।"

You might also like!