
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও ব্রাত্য বসুর বিরুদ্ধে নতুন করে আইনি পদক্ষেপ। তাঁদের বিরুদ্ধে ধ*র্ষ*ণ, যৌ*ন হে*ন*স্তা, দুর্নীতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো গুরুতর অভিযোগ তুলে বাগুইআটি থানায় জিরো এফআইআর দায়ের করেছেন সমাজকর্মী রাজীব সরকার। অভিযোগে শুধু প্রাক্তন দুই মন্ত্রীই নন, নাম রয়েছে একাধিক সরকারি আধিকারিকেরও। ইতিমধ্যেই বাগুইআটি থানার পুলিশ অভিযোগগুলি সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দিয়েছে বলে জানা গিয়েছে।
কয়েকদিন আগেই তিন মহিলা অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপের দাবিতে রাজীব সরকার বাগুইআটি থানায় জিরো এফআইআর দায়ের করেন। গত ১২ নভেম্বর এই এফআইআর নথিভুক্ত হয়। অভিযোগের তালিকায় ধ*র্ষ*ণ, যৌ*ন হে*ন*স্তা, তোলাবাজি, দুর্নীতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক গুরুতর বিষয় রয়েছে। তবে এই সমস্ত অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। নতুন করে জিরো এফআইআর দায়ের হওয়ায় রাজনৈতিক মহলে বিষয়টি ঘিরে চর্চা শুরু হয়েছে।
উল্লেখ্য, দুর্গাপুজোর প্রিভিউ পাস সংক্রান্ত দুর্নীতির মামলায় বর্তমানে জেলে রয়েছেন ইন্দ্রনীল সেন। এবার তাঁর বিরুদ্ধে নতুন করে মামলা হওয়ায় বিপাকে প্রাক্তন মন্ত্রী। রাজ্যে পালাবদলের পর রাজনীতি থেকে দূরে রয়েছেন ব্রাত্য বসু। তাঁকে সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি। এবার ব্রাত্যর বিরুদ্ধেও ধ*র্ষ*ণ, যৌ*ন হে*ন*স্তা অভিযোগে জিরো এফআইআর দায়ের হল। যদিও এবিষয়ে এখনও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবিষয়ে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “যাঁরা অভিযোগ করছেন তাঁরা এখন মুখ খুলতে পারছেন। এতদিন তাঁরা মুখ খুলতে পারছিলেন না। এই ঘটনার তদন্তে কোনও রাজনৈতিক প্রভাব থাকবে না। দোষী সাব্যস্ত হলে আইন অনুযায়ী সাজা হবে।”
