
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বঙ্গোপসাগরে ক্রমশ স্থলভাগের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। পুরী থেকে ৫৯০ এবং অন্ধ্রপ্রদেশের নারসাপুর থেকে ৪৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে সেটি। শুক্রবার দুপুরে এই দুই এলাকার মধ্যবর্তী কোনও স্থানে আছড়ে পড়ার সম্ভাবনা। ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই কলকাতা-সহ বাংলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার দুর্যোগের আশঙ্কা আরও বাড়তে পারে।
ঘূর্ণিঝড় ‘আকভানে’র প্রভাবে বৃহস্পতিবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শুক্রবার বাংলার উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম দক্ষিণ ২৪ পরগনা ব্যাপক বৃষ্টি হবে। বাদ যাবে না উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়াও। পূর্ব-পশ্চিম মেদিনীপুরে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া চলতে পারে। পাশাপাশি অন্যান্য জেলাতেও বৃষ্টি হবে।
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর আশঙ্কায় উপকূলজুড়ে বাড়ানো হল সতর্কতা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রলার ও ছোট নৌকা নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নামখানা, ফ্রেজারগঞ্জ ও বকখালি উপকূলে চলছে কড়া নজরদারি। ঘূর্ণিঝড় স্থলভাগের দিকে যত এগোবে, ততই বাড়বে দুর্যোগের প্রভাব। তবে স্থলভাগে প্রবেশের পর শক্তি কমতে শুরু করলে বৃষ্টির দাপটও ধীরে ধীরে কমবে বলে আশা করা হচ্ছে।
