
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা কবে হবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই তৈরি হয়েছে জল্পনা। জনগণনার কাজে বহু শিক্ষক যুক্ত থাকায় পরীক্ষার সূচি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার নতুন সূচি নিয়ে তৎপর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সূত্রের খবর, ১৯ মার্চ থেকে ১৩ এপ্রিলের মধ্যে পরীক্ষা আয়োজনের প্রস্তাব শিক্ষাদপ্তরের কাছে পাঠানো হয়েছে। এখন শুধু চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।
উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা ও প্র্যাকটিকাল পরীক্ষা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাস থেকে। কিন্তু ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে দেশজুড়ে জনগণনা প্রক্রিয়ায় প্রথম পর্যায়ের বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহের কাজ করা হবে। সেই কাজ আগামী ১ মার্চ পর্যন্ত চলবে। এই কর্মকাণ্ডে বিপুল সংখ্যায় স্কুল শিক্ষক যুক্ত থাকবেন বলে খবর। তাঁদের উপর জনগণনার গুরু দায়িত্ব থাকছে।
তাহলে জনগণনার কাজ করলে কীভাবে স্কুলশিক্ষকরা পরীক্ষক হিসেবে উপস্থিত থাকতে পারবেন? তা নিয়ে প্রশ্ন ওঠে। সেই কারণে এই সময়ের মধ্যে কোনও পরীক্ষা না রাখার জন্য অনুরোধ করা হয়। সেই মোতাবেক পিছিয়ে যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং স্কুলশিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে পরীক্ষা পেছানোর বিষয়টি নিশ্চিত করেছিলেন। এবার ১৯ মার্চ থেকে ১৩ এপ্রিল পরীক্ষা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
উচ্চ মাধ্যমিকের পাশাপাশি পিছিয়ে দেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষাও। মাধ্যমিক পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। স্কুলগুলিতে সেইসময় পর্যাপ্ত সংখ্যায় শিক্ষক, পরিদর্শক পাওয়ার ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে এই আশঙ্কায়। সেজন্যই জনগণনা চলাকালীন মাধ্যমিক পরীক্ষাও পিছিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তারপর পিছিয়ে যায় মাধ্যমিক। এবার পিছিয়ে যাওয়া উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ১৯ মার্চ থেকে করার প্রস্তাব দেওয়া হল।
