
কলকাতা, ২ মার্চ : জোটই আগামীদিনের সূত্র বলে মনে করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। প্রশ্নের উত্তরে প্রদেশ কংগ্রেস সভাপতি বৃহস্পতিবার বলেন, "আমরা বরাবরই জোট চেয়েছি। বামেদের সঙ্গে আমরা কখনও জোট বিচ্ছিন্ন করিনি তো। ২০১৬ সাল থেকে আমরা একই কথা বলে আসছি। সিপিএমের মাঝখানে মনে হয়েছিল, জোটের দরকার নেই, তাই তারা সরে গিয়েছিল। আমরা সরিনি।
আমি বিমানবাবুকে নির্বাচন শুরুর আগে অনুরোধ করেছিলাম। উনি তাতে সাড়া দিয়ে সমর্থন করেছেন। তাঁকে আমি ধন্যবাদ জানাই। মহম্মদ সেলিম আমাকে আন্তরিকভাবে সমর্থন করেছিলেন। তাঁরা প্রচারে এসেছিলেন। বোন মীনাক্ষী প্রচারে এসেছিলেন। সিপিএমের বহু বড় বড় নেতা এখানে প্রচারে এসেছেন।
স্বাভাবিকভাবে বায়রন বিশ্বাসের জয়ের পিছনে কংগ্রেস, তার সঙ্গে বামেদের সমর্থন এবং তৃণমূলের একটা অংশ আমাদের সমর্থন করেছেন। গতবার আমি বলেছিলাম, কংগ্রেস হারতে পারে। হারিয়ে যাবে না। আজ প্রমাণ হয়েছে, কংগ্রেস হারিয়ে যায়নি। কংগ্রেস হারাতে পারে, তাড়াতে পারে। তৃণমূলকে বাংলা থেকে হারাব এবং তাড়াব।"
সোমবার বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণই ছিল ভোটগ্রহণ। ভোট পড়ে ৭৮.১৮ শতাংশ। এই প্রেক্ষাপটে জয় নিয়ে আশা প্রকাশ করে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছিলেন, "সাগরদিঘিতে বামেরা তো ভোট আমাদের দিয়েছে। বিজেপির কিছু ভোট দিয়েছে। কারণ তৃণমূলকে মোকাবিলা করতে।" স্বাধীনতার পর এই প্রথম বাম ও কংগ্রেসের কোনও প্রতিনিধি নেই বিধানসভায়। সাগরদিঘি উপনির্বাচনে জয়ের হাত ধরে সেই খরা কাটতে চলেছে।
