
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তামিল সুপারস্টার তথা বিজয়ের বহু প্রতীক্ষিত ছবি 'জন নায়গন' ঘিরে জটিলতা যেন কাটছেই না। সেন্সর বোর্ডে ছবির পর্যালোচনা চলাকালীনই গত ৩ এপ্রিল অবৈধভাবে ছবির কিছু অংশ ফাঁস হয়ে যাওয়ায় শুরু হয় ব্যাপক চাঞ্চল্য। ইতিমধ্যেই এই ঘটনায় সাইবার ক্রাইম বিভাগ তদন্ত শুরু করেছে। প্রথম দফায় নয়জনকে গ্রেফতারের পর এবার আরও তিনজনকে পাকড়াও করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, সহকারী সম্পাদক প্রশান্ত, সেলভাম এবং বালাকৃষ্ণানকে এই ফাঁস-কাণ্ডের মূল চক্রী বলে সন্দেহ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ও কপিরাইট লঙ্ঘনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তদন্তকারীদের দাবি, ছবির পোস্ট-প্রোডাকশনের সময় থেকেই গোপনে ফুটেজ বাইরে পাচার করা হয়েছিল।

পরিচালক এইচ. বিনোথ পরিচালিত এই রাজনৈতিক ঘরানার ছবিটি মূলত ২০২৬ সালের পোঙ্গলেই মুক্তির পরিকল্পনা ছিল। তবে ছবির রাজনৈতিক বার্তা নির্বাচনের আবহে প্রভাব ফেলতে পারে— এমন আশঙ্কায় মুক্তি স্থগিত রাখা হয় বলে ইন্ডাস্ট্রি সূত্রে খবর। এরপর সেন্সর সংক্রান্ত জটিলতা ও বিশেষ প্রদর্শনী বাতিল হয়ে যাওয়ায় ছবির ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়ে। ‘জন নায়গন’ ছিল রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার আগে বিজয়ের শেষ অভিনীত ছবি। মুখ্যমন্ত্রী হওয়ার পর অভিনয় জগৎ থেকে কার্যত সরে দাঁড়িয়েছেন তিনি। ফলে এই ছবিকে ঘিরে অনুরাগীদের আগ্রহও তুঙ্গে। ছবিতে বিজয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ববি দেওল, পূজা হেগড়ে, প্রকাশ রাজ, গৌতম বাসুদেব মেনন। সম্প্রতি প্রযোজক কে. ভেঙ্কট নারায়ণ জানান, ছবির মুক্তি এখন পুরোপুরি নির্ভর করছে সিবিএফসি-র ছাড়পত্রের ওপর। তাঁর কথায়, 'আমরা সিবিএফসি সার্টিফিকেটের অপেক্ষায় আছি। সার্টিফিকেটটি পাওয়া মাত্রই আমরা ছবিটির মুক্তি দেব। আমরা খুবই আনন্দিত। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ায় বিজয় স্যারকে অভিনন্দন। একটা নতুন অধ্যায় শুরু হল। আর 'জন নায়কন' ছবিটি সার্টিফিকেট পাওয়ামাত্রই মুক্তি পাবে।'

এদিকে রাজনৈতিক সাফল্যের পাশাপাশি বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়েও জোর চর্চা চলছে। অভিনেত্রী তৃষা কৃষ্ণান -এর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল। বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তৃষা। সেই অনুষ্ঠানের ছবি শেয়ার করে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট নতুন করে জল্পনা উসকে দিয়েছে।
