West Bengal

1 hour ago

Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির

BJP Leader Suvendu Adhikari
BJP Leader Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হল। দীর্ঘদিনের লড়াই, প্রতিশ্রুতি এবং রাজনৈতিক কৌশলের পর অবশেষে ছাব্বিশের নির্বাচনে ক্ষমতার শীর্ষে পৌঁছল বিজেপি। তৃণমূল কংগ্রেসকে হটিয়ে প্রথমবারের মতো বাংলার শাসনভার নিজেদের হাতে তুলে নেওয়ার পথে এগোল গেরুয়া শিবির। এই ঐতিহাসিক জয়ের পরই আবেগঘন বার্তা শোনালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যাঁর রাজনৈতিক পথচলা এই নির্বাচনে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

সোমবার বিকেলে এক্স হ্যান্ডেলে শুভেন্দু লেখেন,‘সোনার বাংলায় এক নতুন ভোর। এই ঐতিহাসিক রায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জি-র দূরদর্শী নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের জনগণের রাখা অটল আস্থার প্রমাণ। অঙ্গ-কলিঙ্গ-বঙ্গ জুড়ে জাতীয়তাবাদী বিজেপি সরকারের পক্ষে এই বিপুল রায়ের মাধ্যমে বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়িত হবে। আমাদের বিজেপি কর্মীরা তাঁদের রক্ত-ঘাম দিয়ে এই বিজয় এনেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের প্রতি অটল অঙ্গীকার এবং জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষাই এটিকে সম্ভব করেছে।’ সেখানেই তিনি লেখেন, ‘ভয়ের পরিবর্তে অগ্রগতিকে বেছে নেওয়ার জন্য আমি পশ্চিমবঙ্গের জনগণকে প্রণাম জানাই। আমরা একসঙ্গে পশ্চিমবঙ্গকে পুনর্গঠন করব।’

এই ফলাফলকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষণ। একুশের নির্বাচনে যেখানে বিজেপি ৭৭ আসনে সীমাবদ্ধ ছিল, সেখানে ছাব্বিশে প্রায় ২০০ আসনে পৌঁছে যাওয়া নিঃসন্দেহে এক বিরাট উত্থান। কীভাবে এই নাটকীয় পরিবর্তন সম্ভব হল, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। তবে অধিকাংশের মতেই, এই সাফল্যের পেছনে অন্যতম প্রধান ভূমিকা রয়েছে শুভেন্দু অধিকারীর। ২০২০ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তিনি নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেন। সংগঠন শক্তিশালী করা থেকে শুরু করে কর্মীদের একত্রিত করা—সব ক্ষেত্রেই তাঁর সক্রিয় ভূমিকা ছিল চোখে পড়ার মতো। ধাপে ধাপে তিনি দলের ভিত মজবুত করেন এবং নিজের নেতৃত্বের দক্ষতা প্রমাণ করেন। সেই দীর্ঘ রাজনৈতিক যাত্রার পরিণতি হিসেবে এই জয়কে দেখছেন অনেকেই।

কাঁথির ‘শান্তিকুঞ্জ’-এর দ্বিতীয় পুত্র হিসেবে পরিচিত শুভেন্দুর এই সাফল্য তাই শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের প্রতীক। বাংলার রাজনৈতিক মানচিত্রে যে পরিবর্তনের ইঙ্গিত মিলল, তা আগামী দিনে রাজ্যের শাসন এবং উন্নয়নের গতিপথে কী প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার। তবে আপাতত গেরুয়া শিবিরে উৎসবের আবহ, আর সেই আবহেই নতুন ভোরের স্বপ্ন দেখছেন বাংলার একাংশ মানুষ।

You might also like!