
কলকাতা, ১৮ ফেব্রুয়ারি : আবহাওয়ার ভোলবদল অব্যাহত। শুক্রবারের পর শনিবারও দিনভর মেঘলা আকাশ থাকবে কলকাতায়। জেলায় জেলায় সকাল থেকেই ঘন কুয়াশা। শিবরাত্রির দিন একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে শীতের বিদায়বেলায় এবার ভিজবে বাংলা।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার। রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে। বাকি বঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করল শনিবার থেকেই। রবিবার অর্থাৎ ১৯ ফেব্রুয়ারী থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় আর শীতের আমেজ বলে কিছু থাকবে না। রাতের তাপমাত্রা ২১ ডিগ্রির ঘরে এবং দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রির ঘরে পৌছে যাবে। শনিবার সকাল পর্যন্ত কলকাতা ও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা কুয়াশার প্রভাব রয়েছে। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ থাকবে। বাড়বে তাপমাত্রাও। বৃষ্টির সম্ভাবনা আপাতত কলকাতা শহরে নেই। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি থেকে প্রায় ৩ ডিগ্রি বেড়ে দাঁড়িয়েছে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫২ থেকে ৯৪ শতাংশ।
