West Bengal

51 minutes ago

Janatar Darbar : 'আমাদের হাতে সময় খুবই কম, মুখ্যমন্ত্রী যেন...', জনতার দরবারে সাক্ষাতের পর আবেগঘন সুমন বিশ্বাস, সামনে এল তাঁর বক্তব্য

সুমন বিশ্বাস
সুমন বিশ্বাস

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিজেপির ‘জনতার দরবার’-এ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে আশাবাদী চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক সুমন বিশ্বাস। তিনি বলেন, সময় খুব কম, তাই মুখ্যমন্ত্রী তাঁদের পাশে দাঁড়িয়ে আত্মবিশ্বাস জোগাবেন বলেই আশা। এদিন বিজেপির রাজ্য দফতরের সামনে কয়েকশো চাকরিপ্রার্থী জমায়েত হয়ে নিজেদের দাবিপত্র তুলে ধরতে ভিড় করেন। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তার কারণে কিছু সময়ের জন্য বিজেপি দফতরের গেট বন্ধ রাখা হয়।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক সুমন বিশ্বাস জানান, "এটুকুই বলব, আমরা সঠিক পথে আছি। সঠিক পথে থাকব। আমরা নিশ্চয়ই বর্তমান রাজ্য সরকারকে ডিস্টার্ব করব না। অহেতুক কোনও আন্দোলন ডেকে সরকারকে আমরা ডিস্টার্ব করব না। কিন্তু, এটাও সত্য আমাদের হাতে সময় খুবই কম। মুখ্যমন্ত্রী যেন আমাদের দেখে একটু কনফিডেন্সে নেন। নেতাজি ইনডোরে প্রাক্তন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যা প্ল্যান, এ-বি-সি-ডি ভাষণ দিয়েছিলেন, নতুন মুখ্যমন্ত্রী যেন সেই নেতাজি ইনডোরে স্বপ্নের, সত্যির, বেঁচে থাকার, দুর্নীতির-বিরুদ্ধে বার্তা দিয়ে চাকরিহারাদের কনফিডেন্সে নেন। বাংলার মানুষকে যেন একটু আশ্বস্ত করেন।" 

কথা দিয়েছিলেন মানুষের কথা শুনবেন। মুখ্যমন্ত্রী হওয়ার ১০ দিনের মাথায় সেই কথা রাখেন শুভেনদু অধিকারী। গত সোমবার সকালে সল্টলেকের বিজেপি দফতর থেকে তিনি শুরু করেন 'জনতার দরবার'। সেদিন স্কুল শিক্ষক থেকে নার্স, সমাজের নানা স্তরের মানুষজন এসে অভাব-অভিযোগ জানান মুখ্যমন্ত্রীকে। এ প্রসঙ্গে গত সপ্তাহেই বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় বলেছিলেন, "খুব ভাল রেসপন্স। সবার নিজেদের আলাদা আলাদা বক্তব্য ছিল, সমস্যা ছিল। মুখ্যমন্ত্রী বলেছেন প্রত্যেক সোমবার-সোমবার উনি এখানে জনতার দরবার করবেন।" এদিনও অনেকে ভিড় জমিয়েছেন। বিভিন্ন অভাব-অভিযোগ নিয়ে।

বিপুল জনাদেশ নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। এবার মানুষের প্রত্যাশা পূরণের পালা। সেইমতোই একে একে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্যের নতুন সরকার। সেই তালিকায় রয়েছে জনতার দরবার। যেখানে সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা শোনা হচ্ছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ( Yogi Adityanath)  ‘জনতা দরবার’ রাজনৈতিক মহলে অনেক দিন ধরেই অত্যন্ত চর্চিত। গোরক্ষপুর বা লখনউতে নিয়মিত সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা শোনেন যোগী আদিত্যনাথ। এবার সেই মডেলেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari-) ‘জনতার দরবার’। যেখানে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনেন তিনি।

You might also like!