
কলকাতা, ৭ ফেব্রুয়ারি : কলকাতায় ফের কিছুটা তাপমাত্রা বাড়ল, সোমবারের তুলনায় মঙ্গলবার আরও কিছুটা চড়ল তাপমাত্রার পারদ। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। পূর্বাভাস মতোই মঙ্গলবার তাপমাত্রার পারদ চড়ল উত্তর এবং দক্ষিণ— দুই বঙ্গেই। শীতের আমেজও একেবারে উধাও হয়ে গিয়েছে। পাশাপাশি মঙ্গলবার ভোরের দিকে কুয়াশার দাপট দেখা গিয়েছে কলকাতা ও লাগোয়া বিভিন্ন জেলায়। কুয়াশার জন্য দৃশ্যমানতা একেবারে তলানিতে পৌঁছে যায়।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কিছু দিন কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রার পারদ চড়তে পারে। ফলে উধাও হয়ে যাবে শীত, ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহবিদরা। কোনও কোনও জেলায় আবার কুয়াশা থাকতে পারে। নতুন করে আবার শীত পড়বে কি-না, সে বিষয়ে এখনই কিছু জানাচ্ছেন না আবহবিদরা। দক্ষিণবঙ্গে শীত উধাও হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও শীত রয়েছে। তবে, তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী।
